বারবাডোজের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও ব্যাটসম্যানদের ব্যর্থতায় গতকাল বুধবার ইংল্যান্ডের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ব্রিজটাউনের কেনসিংটন ওভালে অনুষ্ঠিত এ ম্যাচে ধীরগতিতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১২৬ রান তুলতে সক্ষম হন বাংলাদেশের ব্যাটসম্যানরা। জবাবে ১৭ বল বাকি থাকতে মাত্র তিন উইকেট হারিয়ে হেসে-খেলে জয় নিশ্চিত করে ইংল্যান্ড দল।‘পাকিস্তান বধের’ স্বপ্ন নিয়ে ক্যারিবিয়ানে যাওয়া বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের করুণ চেহারা গতকাল দেখা গেছে কেনসিংটন ওভালে। টি-টোয়েন্টি ম্যাচ, অথচ ব্যাটসম্যানরা যেন টেস্টের অনুশীলন করে গেলেন। মাহমুদউল্লাহ বাদে সবাই ক্রিজে ছিলেন একেবারে নিষ্প্রাণ। ধীরগতিতে ব্যাটিং করার মাশুল বাংলাদেশ দলকে শেষ পর্যন্ত দিতে হয়েছে মাথা নিচু করে মাঠ ছাড়ার মাধ্যমে। এ রকম বাজে ব্যাটিং উপহার দেওয়ার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানকে বধের যে স্বপ্ন সাকিবেরা দেখিয়ে যাচ্ছেন তা কতটা বাস্তবসম্মত, এ নিয়ে প্রশ্ন থেকেই যায়।ডাত হাতে আঘাতের কারণে বারবাডোজের বিপক্ষে খেলতে পারেননি নিয়মিত ওপেনার তামিম ইকবাল। গতকালও তিনি মাঠে না নামায় ইমরুল কায়েসের সঙ্গে ওপেন করেন সাবেক অধিনায়ক মো. আশরাফুল। উদ্বোধনী জুটিতে এ দুজনের সংগ্রহ ৩৯ রান। ইনিংসের ষষ্ঠ ওভারে ১৩ বলে ব্যক্তিগত ১৪ রানে অ্যান্ডারসনের বলে লাম্বের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ইমরুল কায়েস। পরের ওভারে ইয়ার্ডির বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে একই পথে হাঁটেন ২৩ বলে ২১ রান করা আশরাফুল। মাহমুদউল্লাহ ছাড়া অধিনায়ক সাকিব (৭), আফতাব (৮), নাঈম (৯), মুশফিকুর রহিমেরা (২) ছিলেন আসা-যাওয়ার মিছিলে। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনেও খানিকটা সফল ব্যাটসম্যান মাহমুদউল্লাহ অপরাজিত থাকেন ৩১ বলে ৩৮ রান করে।টি-টোয়েন্টি ক্রিকেটে ১২৭ রানের লক্ষ্যমাত্রা বলতে গেলে তেমন কিছুই নয়। ইংল্যান্ডেরও তেমন একটা ঘাম ঝরাতে হয়নি বাংলাদেশের ১২৬ রানকে পেছনে ফেলতে। ঝুঁকিহীন ব্যাটিংয়ের প্রদর্শনী ১৭ বল বাকি থাকতেই ইংলিশদের পাইয়ে দেয় জয়ের সুবাস। আউট হন কেবল লাম্ব, কিসওয়েটার ও রবি বোপারা। পল কলিংউড অপরাজিত থাকেন ৩২ রান নিয়ে। সর্বোচ্চ সংগ্রহ ছিল রবি বোপারার ৬২। সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ: ১২৬/৭ মাহমুদুল্লাহ ৩৮, আশরাফুল ২১, কায়েস ১৪ইয়ার্ডি ৩/২০, অ্যান্ডারসন ২/২৩ইংল্যান্ড: ১২৭/৩বোপারা ৬২, কলিংউড ৩২*সাকিব ১/২৩, রাসেল ১/২৩ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী