ধীরে খান, ওজন কমান!
কথায় বলে, স্বাস্থ্যই সকল সুখের মূল। শরীর ঠিক থাকলে সব ঠিক। সে জন্য অনেকে বলেন, পেট শান্তি তো দুনিয়া শান্তি। কিন্তু সব সময় তা হয়তো সঠিক ফলে না। অনেকেই আছেন, যাঁরা পেট শান্ত রাখতে তথা ক্ষুধা মেটাতে দ্রুত খেতে থাকেন এবং একসঙ্গে অনেক খাবার খেয়ে ফেলেন। পরবর্তী সময়ে তাঁরা ভোগেন অস্বস্তিতে। আর তখনই ঘটে বিপত্তি। সম্প্রতি ইউনিভার্সিটি অব রোড আইল্যান্ডের একদল গবেষক দেখেছেন, দ্রুত খাবার খেলে বেশি খাওয়া হয়, আর বেশি খাওয়ার ফলে ওজনও বেড়ে যায়।যুক্তরাষ্ট্রের ওই বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিষয়ক সহযোগী অধ্যাপক ক্যাথলিন মেলানসন ও তাঁর দল গবেষণাটি পরিচালনা করেন। তাঁরা দেখেছেন, নারীদের চেয়ে পুরুষেরা দ্রুত খাবার খান। পাশাপাশি বেশি ওজনের মানুষ স্লিম মানুষের চেয়ে বেশি দ্রুত খাবার খান।গবেষকেরা দেখেছেন, দ্রুত খাবার গ্রহণকারীরা এক মিনিটে ৩ দশমিক ১ আউন্স খাবার খান, মাঝারি ও দ্রুত খাবার গ্রহণকারীরা মিনিটে ২ দশমিক ৫ আউন্স খাবার খান, আর ধীরে খাবার গ্রহণকারীরা মিনিটে দুই আউন্স খাবার খান।গবেষণায় আরও দেখা গেছে, নারী-পুরুষ ভেদে দ্রুত বা ধীরে খাবার খাওয়ার সম্পর্ক আছে। এতে দেখা যায়, দুপুরের খাবার খাওয়ার সময় পুরুষেরা এক মিনিটে ৮০ ক্যালরি, আর নারীরা নেয় মাত্র ৫২ ক্যালরি খাবার।মেলানসন বলেন, ‘গবেষণায় আমরা একটি বিষয় দেখেছি যে শক্তিমান মানুষ বেশি দ্রুত খাবার খেতে পারেন। তাই পুরুষ ও বেশি ওজনের মানুষের শক্তি বেশি থাকে বলে তাঁরা বেশি দ্রুত খান।’অবশ্য মোটা (স্থূলকায়) মানুষ হলেই যে তিনি দ্রুত খাবার খাবেন, এর সত্যতা নিয়ে এখনো গবেষণা চলছে। তার পরও মেলানসন বলেন, খাবার আস্তে আস্তে খেলে ক্যালরি গ্রহণের পরিমাণ কমে।ওই গবেষণার ফলাফল এ মাসে অনুষ্ঠিত দি ওবেসিটি সোসাইটি ইন অরল্যান্ডোর বার্ষিক সম্মেলনে উপস্থাপন করা হয়। এএনআই অবলম্বনে।