ধীরে চলে মিরপুুর ডাকঘর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও হাতে চিঠির খাম, কারও হাতে টাকা পাঠানোর রসিদ। টাকা তোলার রসিদও রয়েছে কারও কারও হাতে। সবাই দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছেন। যাঁরা সারির পেছনের দিকে, তাঁদের চোখেমুখে বিরক্তির ছাপ লক্ষণীয়। একটি চিঠি পোস্ট করতে এসে একেকজনের এক-দেড় ঘণ্টা লাগছে, তাই বিরক্তি লাগারই কথা। শুধু একটি পোস্টকার্ড কিংবা ডাকটিকিট কিনতে এসেও অনেককে ঘণ্টা খানেক ব্যয় করতে হচ্ছে।‘লাইনে দাঁড়াইছি পঞ্চাশ মিনিটের কম না। আরও যে কতক্ষণ লাগবে, কে জানে।’ বলছিলেন শাহ আলীবাগের ইব্রাহীম হোসেন। একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদনপত্র পাঠাতে এসেছেন তিনি।যত জরুরিই হোক না কেন, কিছুই করার নেই। কমপক্ষে এক ঘণ্টা সময় নিয়ে চিঠি পোস্ট করতে আসতে হবে মিরপুর ডাকঘরে। মিরপুর ২ নম্বর সেকশনে অবস্থিত এই ডাকঘরের সেবা পান পুরো মিরপুরের বাসিন্দারা। সেবা গ্রহণকারীর সংখ্যা দিন দিন বাড়লেও সেবার মান দিন দিন কমছে বলে অভিযোগ করেন দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকা অনেকে।বৃহত্তর মিরপুরের বাসিন্দাদের পদচারণে প্রতিদিন মুখর থাকে এই ডাকঘর। মুঠোফোনের মেসেজ আর ইন্টারনেটের সুবিধায় চিঠি আদান-প্রদান খুব একটা হয় না—এই ধারণা পাল্টে যাবে মিরপুর ডাকঘরে ঢুকলেই। দীর্ঘ সারিতে মানুষের হাতে হাতে চিঠির খাম। প্রথমে ডাকটিকিট কিনতে সারিতে দাঁড়াতে হয়। যাঁরা রেজিস্ট্রি করে চিঠি পাঠাবেন, তাঁদের আবার আরেক দফা সারিতে দাঁড়াতে হচ্ছে। চাকরির জন্য বিভিন্ন আবেদনপত্র পাঠাতে বেশির ভাগ মানুষ আসছেন এই ডাকঘরে।আবার ‘বুকপোস্ট’-এ একটি পত্রিকা পাঠাতেও দেখা গেল একজনকে। তিনি অবশ্য আগে থেকে টিকিট লাগিয়ে এনেছিলেন, তাই সময় বেশি লাগেনি। আবার টাকা পাঠানো ও ওঠানোর দুটো সারিতেও লোকজন কম নয়। এখানে সময়টা আরও বেশি লাগছে। চট্টগ্রামের মেরিন একাডেমিতে ছেলের জন্য টাকা পাঠাতে মিরপুর ১ নম্বর সেকশনের গুদারাঘাট এলাকা থেকে এসেছেন গিয়াস উদ্দিন আহমদ। অসুস্থ হওয়ায় তিনি সারিতে দাঁড়াতে পারছিলেন না। তাঁর ভাষ্য, ‘এত ব্যস্ত একটা ডাকঘরে মাত্র দুইটা লাইন। আরও দুইটা লাইন হলে তো এত সময় নষ্ট হতো না।’মগবাজারের বিপুল অধিকারী মিরপুরে চাকরি করেন। রাঙামাটির একটি নার্সিং ইনস্টিটিউটে মানি অর্ডার করতে এসেছেন মিরপুর ডাকঘরে। কাউন্টার থেকে তাঁকে বলা হয়েছে, ‘মানি অর্ডার ফরম নেই’। পরে তিনি এক কর্মচারীর মাধ্যমে মানি অর্ডার ফরম সংগ্রহ করে টাকা পাঠান। বিপুল অধিকারী বলেন, ‘ইলেকট্রনিক সিস্টেম অনেক ভালো। কিন্তু ভর্তির জন্য কিংবা চাকরির জন্য মানি অর্ডার ছাড়া কোনো উপায় নেই। এখন এত বড় একটা পোস্ট অফিসে যদি ফরম না থাকে, তবে কোথায় থাকবে? টাকা পাঠাব কেমনে?’দীর্ঘ সারিতে না দাঁড়িয়েও বাড়তি কিছু টাকা দিয়ে কর্মচারীর মাধ্যমেও কাজ করতে দেখা গেছে। পোস্টকার্ড কিনতে পাওয়া যায়নি। প্রাইজবন্ড যে কাউন্টারে বিক্রি করে, সেখানে সকাল থেকে কেউ ছিল না। ফ্রাঙ্কিং মেশিনে চিঠি পাঠানোর আলাদা কাউন্টার থাকলেও ডাকটিকিট বিক্রির কাউন্টারেই নিয়ে আসা হয়েছে ফ্রাঙ্কিং মেশিন। ফলে ওই মেশিনের জন্য নির্ধারিত কাউন্টার ফাঁকা। টাকা তুলে যাওয়ার সময় আনমনে নিজে নিজেই বিরক্তি প্রকাশ করছিলেন এক মহিলা, ‘একটা কাজ করতেই যদি এত সময় লাগে, তাহলে অন্য কাজ কখন করব?’ তবু তাঁর মুখে কিছুটা হাসি ছিল, যেন বড় একটা ভার নেমে গেছে!