ধীরে বহে বুড়িগঙ্গা
‘নদীটারে মানুষ করবার লাগছে মনে লয়?’ সঙ্গী যাত্রীকে উদ্দেশ করে প্রশ্নটা ছুড়ে দিলেন মোহাম্মদ শফিউল্লাহ। নৌকাটা তখন মাঝ নদীতে। তাঁর প্রশ্ন শুনে ঘাড় ঘুরিয়ে তাকালেন সঙ্গী ভদ্রলোকটি, যেদিকে তাকিয়ে ছিলেন শফিউল্লাহ, সেদিকে। নদীর বুকে ভটভট শব্দ করে মেলা মেলা দানব আকৃতির ইঞ্জিনের ট্রলার আসছে-যাচ্ছে। কিন্তু তিনি যেটার দিকে তাকিয়ে ছিলেন, সেটা ভটভট আওয়াজ করলেও এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ট্রলারের বাইরে বেরিয়ে আছে ক্রেনের ধাতব হাত। সেটা ক্ষণে ক্ষণে পানিতে ডুব দিয়ে তুলে আনছে মুঠো মুঠো বালু, কাদা আর পলিথিন। তুলে আনা আবর্জনা জমা করছে ট্রলারের গহিন খোদলে। পুরো ব্যাপারটা খানিকক্ষণ দেখে তারপর মুখ খুললেন সেই ভদ্রলোক, ‘কোটি কোটি ট্যাকার টেন্ডার হইছে হুনলাম। দুইদিন হইলো কাম শুরু করছে।’ শফিউল্লাহ শুনে ঠোঁট উল্টালেন ‘হেহ...কাম ঠিকমতন হইলে হয়। ট্যাকা না মাইরা দিলেই চলে। নদীটা বাঁইচা যায় তাইলে। যেই অবস্থা হইছে, এ্যামনে চলতে থাকলে বুড়িগঙ্গা নদীর আর হদিস পাওন যাইবো না। দ্যাহেন, দ্যাহেন কী অবস্থা...।’নৌকায় বসে থাকা সবাই তখন তাকাল নদীর পানির দিকে। এর নাম কি নদীর পানি? দেখলে আলকাতরা বলে ভ্রম হয়। এমন অন্ধকার যে পানি রোদের আলো পড়লেও ঝিলিক মারে না। সব আলো যেন শুষে নেয় সে কালো পানি। কোথাও এক ঝলক প্রাণের চিহ্ন নেই। নিষ্প্রাণ নদীটার সঙ্গে তাই একটুও বেমানান লাগছে না ইঞ্জিন থেকে বেরিয়ে আসা যান্ত্রিক ভটভট। নদীর সুন্দর সবুজাভ পানিতে যেমন ভাসে কচুরিপানা, এ নদীর কালো পানিতে এখানে-ওখানে দলা পাকিয়ে ভেসে বেড়ায় ট্রলারের ইঞ্জিন থেকে ফেলে দেওয়া তেল আর পোড়া মবিলের উচ্ছিষ্ট। এই বর্ণহীনতায় কিঞ্চি হলুদ বর্ণচ্ছটা দেখা যায় মাঝেমধ্যেই। সেই সঙ্গে থাকে সাদা, লাল নিরোধের উদ্দেশ্যহীন ঘোরাফেরা। বিভেদ ভুলে ‘মিল্ক ভিটা দুধ’ আর ‘রাঁধুনি মরিচের গুঁড়া’ এখানে একসঙ্গে গলাগলি করে ঘুরে বেড়ায়। নদীতে যে নৌকাগুলো চলছে, সেগুলোর বাইরের শরীরের দিকে তাকালে ঘেন্না লাগে। বমি উগরানো ময়লা ধরেছে ওগুলোর গায়। আঙুলের মাপে অন্তত দুই কর পুরু হবে। এই ময়লার উত্স অন্য কিছু নয়, কেবল নদীর পানি। এমন অবস্থায় যদি বর্জ্য অপসারণ হয়, নদীটা তাহলে বুঝি বেঁচেই যাবে!কিন্তু হুট করেই প্রশ্নটা এল মাথায়। এই যে বর্জ্য অপসারণ হচ্ছে বুড়িগঙ্গার বুক থেকে, তাহলে কি ঢাকা শহরের সব ট্যানারির নল, সুয়ারেজের নল কিংবা নদীর পাড়ের কলকারখানাগুলোর রাসায়নিক বর্জ্য নিষ্কাশন নলের সব বর্জ্য নদীর দিকে না এসে উল্টোদিকে রওনা শুরু করল নাকি?নাহ! তা আর হলো কই। নদীর পাড় ধরে খানিকটা পথ হাঁটতেই দেখা গেল, যা যেমন ছিল সেই তেমনই আছে। হাজারীবাগের ট্যানারির নল দিয়ে রাসায়নিক বর্জ্যের স্রোত আসছে। ডায়িং কারখানার নল দিয়ে গল গল করে বেরোচ্ছে বিষাক্ত রাসায়নিক রং। বাসাবাড়ি থেকে আসা পয়োনিষ্কাশনের নল দিয়ে আসছে পায়খানা। সব কিন্তু গিয়ে পড়ছে সেই নদীতেই। এসব দেখে সেই পুরোনো প্রবাদটার কথা মনে পড়ে গেল, গোড়া কেটে আগায় পানি ঢালা। নদীর পাড়ে জাল নিয়ে দাঁড়িয়ে ছিলেন বৃদ্ধ সেকান্দার মিয়া। এ নদীতে তিনি মাছ ধরেন বহু বছর ধরে। বললেন, ‘আমি তহন নতুন ঢাহায় আইছি। তহন দেখছি বুড়িগঙ্গা, আরে বাব্বা রে! নদীর কী স্রোত আছেলো তহন। হেই পাড়ের ঘাটলায় নদীর ঢেউ পড়লে এই পাড়ে গমগমাইয়া আওয়াজ পাওন যাইতো। আগে বুড়িগঙ্গায় শিং মাছ হইতো। খুব স্বাদ আছেলো হেই মাছের। হেইসুম মাছ পাওয়াও যাইতো মেলা। অহন চাইয়া দ্যাহেন। এইয়ারে নদী কয়। নদীতে মাছ থাহে না। কয়দিন পর পর বেবাক মইরা ভাইস্যা ওঠে। জাল মারলে যা দুই একটা মাছ পাওন যায় ওয়া খাওন যায় না। পেটের মইধ্যে প্যাট্রোলের গন্ধ কয়।’কবে থেকে নদীটার এই হাল? সে প্রশ্ন শুনে খানিকটা বিষণ্ন হয়ে গেলেন সেকান্দার মিয়া। জবাব দিলেন, ‘ছয় বছর আগেও নদীর পানি এতডা খারাপ আছেলো না। এরবাদে যে কী হইলো, নদীর পানির দিকে চাইয়াও থাকন যায় না।’এই নদীর মেলা সুখস্মৃতি আছে কাঠমিস্ত্রি আতিয়ারের। নদীর কথা উঠতেই কেমন যেন অন্য রকম হয়ে গেল তার চেহারা। ‘আমার আব্বার লগে যহন এহানে আইছি তহন নদীর পানি আছেলো ডাবের পানির লাহান টলটলা। আব্বায় বাইচের নৌকার কারিগর আছিলো। এহানে, নদীর পাড়ে বইয়া আব্বায় ২০-২২ হাতের নৌকা বানাইতো। আমার আব্বায় নদীর এমন অবস্থা দ্যাহে নাই। দ্যাখলে খুব কষ্ট পাইতো। অহন আর কিছু নাই, আমার আব্বায়ও নাই, বাইচের নাও-ও নাই, মানুষের হাউশও মইরা গেছে, নদীডাও মইরা গেছে।’ধোপা মঞ্জুর কাপড় ধুয়ে বাড়ি ফিরছিলেন। নদীকে নিয়ে তারও আফসোসের সীমা নেই ‘কাপড়ে সাবান দিমু কী, নদীর পানিতে চুবাইয়া ১০-১২ লাড়া দিলে ফ্যানা বাইরাইতে থাকে। চামড়ার কারখানা কইরা, রঙের কারখানা কইরা, ময়লা, এসিড ফালাইয়া নদীডারে নষ্ট কইরা ফালাইছে। অহন নদীর থেইকা এই ময়লা সরাইলে লাভ হইবো? হেই ময়লাতো অহনো নদীতেই পড়তাছে, তাই না?’বুড়িগঙ্গার ধারে শৈশব-কৈশোর কেটেছে রাজমিস্ত্রি মোহাম্মদ নিজামের। তাঁর প্রশ্ন, ‘নদীরতে প্যালাস্টিক তুইল্যা ফালাইলে কি নদী সাফ হইব? দুনিয়ার সব ময়লা ফালাইতাছে এহানে। এইডা বন্ধ করন লাগব না? আর সাফ কইরা লাভ কী? নদীতে একটু ঢেউ নাই, জায়গায় জায়গায় চর পইড়া গেছেগা। বালি না সরাইলে নদীতে, স্রোত না হইলে নদী সাফ কইরা কোনো লাভ নাই।’ঝাড়ুর কারিগর মান্নানের বসবাস বুড়িগঙ্গার পাড়ে প্রায় ৩৫ বছর ধরে। বললেন, ‘নদী পরিষ্কার করতাছে, হেইডা খুবই ভালো অইতাছে। তয় নদীতে স্রোত করন লাগবো। কামরাঙ্গীরচরে তিনটা খাল আছিল। অহন আছে একটা, বাকি দুইটা দখল হইয়া গেছে। এই নদীও এতো চিপা আছিলো না। নদীর দুইও পারের জমিই দখল হইছে। এ্যামনে চলতে থাকলে বুড়িগঙ্গা নদীও মইরা যাইবো।’নদীটা মরে যাবে, সঠিক সময়ে উদ্যোগটা না নিলে নদীটা মরে যাবে। এ কথাটা যারা নদীটাকে দেখেছে, যারা দেখছে তাদের সবার চোখেমুখে খেলে যাচ্ছে। নদীটাকে বাঁচানো খুব দরকার। অন্তত এই শহরের মানুষগুলোকে বাঁচাতে হলেও নদীটাকে বাঁচাতে হবে।কিন্তু অতশত বোঝেন না কামরাঙ্গীরচরের সুলতানা বেগম। বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছেন, চোখ দুটো প্রায় অন্ধ হয়ে গেছে ছানি পড়ে পড়ে। নদীটার দিকে তাকিয়ে এখন আবছামতো যা দেখেন তাতে বুড়ির আর মন ভরে না। তাঁর কথা হচ্ছে, ‘সাগরে যেইসব জাহাজ চলে, ঐ অত্ত উচা জাহাজ আইতো বুড়িগঙ্গায়। এই ঘাটলায় খাড়াইয়া ২০ হাত লম্বা বাঁশ ফালাইয়াও ঠাঁই পাওন যাইতো না। মাইঝ নদীতে গাঙ্গের লাহান ঢেউ দেখছি বর্ষাকালে। ঐ উহানে সাঁতরাইতে গিয়া আমার ছোড ভাইডারে পানিয়ে টাইন্যা লইয়া গেছিল। অহন আমি চোখে দেহি না ঠিকমতোন, কিন্তু টের পাই, নদীটা আর আগের লাহান নাই। হেই নদীডা গেল কই?