ধুনট পৌরসভার নালায় ঢাকনা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধুনট পৌরসভা এলাকায় পানিনিষ্কাশনের ব্যবস্থা থাকলেও এর ওপর ঢাকনা নেই। এ কারণে জনসাধারণের পোহাতে হচ্ছে দুর্ভোগ। পথচারীরা ও যানবাহন অনেক সময় নালার মধ্যে পড়ে দুর্ঘটনার শিকার হয়।ধুনট পৌরসভা অফিস সূত্রে জানা গেছে, ২০০৮-০৯ অর্থবছরে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে রাস্তাসহ ধুনট বাজার এলাকার পানিনিষ্কাশনের জন্য নালা নির্মাণ করা হয়েছে। বাজার এলাকা থেকে ইছামতী নদী পর্যন্ত প্রায় অর্ধকিলোমিটার লম্বা নালার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এর ওপর কোনো ঢাকনা দেওয়া হয়নি। বাজারের পানিনিষ্কাশনের একমাত্র নালার ওপর ঢাকনা না থাকায় এলাকাবাসী ও পথচারীদের প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। রাতে বিদ্যুৎ না থাকলে অন্ধকারে পথ চলতে গিয়ে ড্রেনে পড়ে প্রায়ই পথচারীদের হাত-পা ভাঙছে। পৌরবাসীর অভিযোগ, তাঁরা সময়মতো পৌর কর পরিশোধ করছেন। কিন্তু পৌর কর্তৃপক্ষের উদাসীনতার কারণে ঝুঁকি নিয়ে তাঁদের চলাচল করতে হচ্ছে। এ ছাড়াও বাজারের ময়লা পানির দুর্গন্ধ ছড়িয়ে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। এতে করে পৌর এলাকায় মশা-মাছি ব্যাপকভাবে বেড়ে গেছে।ভ্যানচালক আফজাল হোসেন বলেন, ‘আমি রাতে ভ্যান নিয়া ওই রাস্তা দিয়া যাওয়ার সময় ড্রেনের মধ্যে পইড়া কয়েকবার আমার ভ্যান ভাইঙা গেছে।’পৌর এলাকার গীতারানি সাহা বলেন, ‘ধুনট বাজার এলাকা থ্যাইকা পচা-ময়লা ড্রেনের পানির গন্ধে ঘরবাড়িতে থাকা কঠিন।’ ধুনট পৌরসভার মেয়র আলিমুদ্দিন হারুন মণ্ডল জানান, টাকা বরাদ্দ না থাকায় নালার ঢাকনার কাজ করতে পারছি না। যে টাকা বরাদ্দ পেয়েছিলাম, সেটা দিয়ে বাজার থেকে মন্দির পর্যন্ত কাজ চলছে। নতুন করে বরাদ্দের জন্য চেষ্টা করছি। আশা করছি, কিছু দিনের মধ্যেই বরাদ্দ পেয়ে যাব এবং কাজ শেষ করতে পারব।