ধুনটে অ্যানথ্রাক্সে একজনের মৃত্যু, আক্রান্ত ১৬
বগুড়ার ধুনটে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে ছকুমুদ্দিন মণ্ডল (৫৮) নামের এক ব্যক্তি গতকাল বুধবার সকালে মারা গেছেন। এ ছাড়া একই গ্রামের ১৬ জন নারী-পুরুষ এ রোগে আক্রান্ত হয়েছেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নাটাবাড়ী গ্রামে এক সপ্তাহে বেশ কিছু গরু অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে। এলাকার কয়েকজন পল্লি চিকিৎসক চিকিৎসা করলেও আক্রান্ত গরুগুলো সুস্থ হয়নি। এর মধ্যে গ্রামের ইউছুব আলীর তিনটি, মকবুল হোসেনের একটি, শাহীন আলমের একটি, কফিলউদ্দিনের দুটি, জয়নাল আবেদীনের একটি, বাবলু মিয়ার একটি, বাদলা শেখের দুটি, জালু মণ্ডলের একটিসহ ১৫টি গরু মারা গেছে। এ ছাড়া আক্রান্ত কয়েকটি গরু জবাই করে মাংস বিক্রি করা হয়েছে।ছকুমুদ্দিনের ছেলে মুনজু মণ্ডল জানান, গরুর মাংস খাওয়ার পর গত শনিবার তাঁর বাবার দুই হাতে বড় বড় ফোসকা ওঠে। স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। এ অবস্থায় গতকাল আটটার দিকে তিনি মারা যান। এলাকার আরও মানুষ একই রোগে আক্রান্ত হচ্ছে বলে জানান মুনজু মণ্ডল।গতকাল বেলা ১১টার দিকে নাটাবাড়ী গ্রামে গিয়ে জানা যায়, গ্রামের গাজিউর রহমানের স্ত্রী জরিনা খাতুন (৩০) ও তাঁর ছেলে রতন বাবু (৪), তাকাবুল ইসলামের স্ত্রী শেফালী খাতুন (২৮), আবদুর রহিমের স্ত্রী জোবেদা বেগম (২৫), আবদুল জলিলের স্ত্রী জোসনা খাতুন (৩০), ইউসুব আলীর স্ত্রী মুনজুয়ারা খাতুন (৫০), জেলা হোসেনের স্ত্রী গোলাপী খাতুন (৪৫), শাহা আলীর ছেলে ইয়াছিন আলী (২০), বাবু মিয়ার স্ত্রী রাশেদা খাতুন (৫০), মজিবর রহমানের ছেলে আকবর আলী (৪৮), ছোবহান আলীর মেয়ে রতনা খাতুন (১২), বিলাত আলীর স্ত্রী সমফুল বেগম (৪২), ভোলা মিয়ার স্ত্রী মনোয়ারা খাতুন (৩৮), মুনজুর রহমানের স্ত্রী হাবিবা খাতুন (২৬), আশরাফ আলীর স্ত্রী সালমা খাতুন (৩২) ও দুলু মিয়ার স্ত্রী চন্দ্রবানু (৪০) অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। তাঁদের সবাই গতকাল ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এলাকার লোকজনের মধ্যে অ্যানথ্রাক্স রোগের আতঙ্ক বিরাজ করছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনে ফিরোজা বলেন, অ্যানথ্রাক্স আক্রান্ত এলাকায় চিকিৎসকদের একটি দল পাঠানো হয়েছে। আক্রান্তদের চিকিৎসা চলছে।নাটাবাড়ী গ্রাম পরিদর্শনকারী চিকিৎসক দলে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শক দুলাল চন্দ্র সরকার ও মোস্তাফিজুর রহমান। তাঁরা জানিয়েছেন, ছকুমুদ্দিনের মরদেহ দেখে এবং পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে তাঁরা মোটামুটি নিশ্চিত হয়েছেন তিনি অ্যানথ্রাক্সেই মারা গেছেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মামুনুর রশিদ বলেন, আক্রান্তদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ভয়ের কিছু নেই। ধারাবাহিক চিকিৎসা নিলে তাঁরা সুস্থ হয়ে উঠবেন।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ারুল হক বলেন, গ্রামের অনেক গরু মারা গেছে বলে জানা গেছে। তবে অ্যানথ্রাক্সে মারা গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। মরা গরুর শরীরের অংশ সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া এলাকায় গরুর রোগ-প্রতিরোধের জন্য চিকিৎসকদল কাজ করছে।