ধুনটে অ্যানথ্রাক্সে ১৬ জন আক্রান্ত
বগুড়ার ধুনট উপজেলার ছকুমুদ্দীন নাটাবাড়ী গ্রামে ১৬ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এদিকে এ রোগে আক্রান্ত হয়ে একই গ্রামের ছকুমুদ্দীন (৫৮) মারা গেছেন বলে তাঁর পরিবার দাবি করে।এলাকাবাসী জানায়, উপজেলার গোঁসাইবাড়ি ইউনিয়নের নিজনাটাবাড়ী গ্রামে গত কয়েক দিনে ১০টি গরু মারা যায় এবং অসুস্থও হয়ে পড়ে কয়েকটি গরু। এলাকাবাসী ওই অসুস্থ গুরুগুলো জবাই করে মাংস খায়। মাংস খাওয়ার পর থেকেই বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে।নিহতের পরিবারের লোকজন জানায়, অসুস্থ গরুর মাংস খাওয়ার পর ছকুমুদ্দিনের হাতে বড় ফোসকা পড়ে প্রচণ্ড ব্যথায় হাত ফুলে যায়। পরে আজ সকালে তিনি হরিনাপুর বাজারের পল্লি চিকিৎসক শাহ আলমের কাছে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মামুনুর রশিদ জানান, অ্যানথ্রাক্সে আক্রান্ত রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ভয়ের তেমন কিছু নেই।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনে ফিরোজা জানান, অ্যানথ্রাক্সে রোগে আক্রান্ত এলাকায় চিকিৎসক পাঠানো হয়েছে। আক্রান্ত রোগীদের জরুরিভাবে চিকিৎসা চলছে।