ধুনটে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৪ জন আটক
বগুড়ার ধুনটে নির্বাচনী আইন ভঙ্গের অভিযোগে ভোটকেন্দ্র থেকে চারজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত । উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ হারুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাদের আটক করেন।আটককৃত তিনজন হলেন—একাব্বর হোসেন (৪৮), রফিকুল ইসলাম (২৮) ও সুলতান আলী (৫০)।উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত সকাল ১০টায় পৌর বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করার অভিযোগে একাব্বর হোসেনকে আটক করেন। অন্যদিকে দুপুর ১২টায় ভোটকেন্দ্রে ঢুকে প্রচারণা চালানোর অভিযোগে ৩ নম্বর ওয়ার্ডে পানি উন্নয়ন বোর্ড এলাকার কেন্দ্র থেকে রফিকুল ইসলাম (২৮) এবং সুলতান আলীকে (৫০) আটক করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ হারুন জানান, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। তাঁদের সাজা দেওয়ার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।