ধুনটে জমি নিয়ে বিরোধের জেরে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকাল আটটায় উপজেলার আনারপুল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম আইয়ুব আলী (৩২)। সংঘর্ষে গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।পুলিশ জানায়, সকাল আটটার দিকে জমির দখল নিয়ে আইয়ুব আলীর সঙ্গে আরেক গ্রামবাসী আবেদ আলীর সংঘর্ষের সূত্রপাত ঘটে। মারামারির একপর্যায়ে আবেদ আলী ধারালো অস্ত্র দিয়ে আইয়ুব আলীকে আঘাত করলে তাঁর মৃত্যু ঘটে। ঘটনার পর আবেদ আলীর লোকজন আইয়ুব আলীর ঘরবাড়িও ভাঙচুর করেন। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক প্রথম আলো অনলাইনকে বলেন, দীর্ঘদিন থেকেই আবেদ আলী, আইয়ুবের জমি দখলের চেষ্টা চালাচ্ছিলেন। যার রেশ ধরে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে। নিহতের লাশ থানায় নিয়েছে পুলিশ। এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।