ধুনটে জমি নিয়ে সংঘর্ষে আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে জমি নিয়ে বিরোধের জের ধরে গত বুধবার দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত জাহিদুল (৩০) আজ সোমবার ভোরে মারা গেছেন। নিহত জাহিদুল কান্দুনিয়া গ্রামের মোকছেদ আলীর ছেলে। এর আগে ঘটনার দিন এ সংঘর্ষে আইয়ুব আলী (২৮) নামের একজন নিহত হন। থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আনারপুর গ্রামের আবেদ আলী ও আবদুল জলিল ফকিরের মধ্যে প্রায় চার বিঘা জমির দখল নিয়ে গত বুধবার সকাল আটটায় সংঘর্ষ হয়। এ সময় আবেদের লোকজনের অস্ত্রের আঘাতে জলিলের ছেলে আইয়ুব ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়া সংঘর্ষে আইয়ুবের ভগ্নিপতি জাহিদুল আহত হন। পরে চিকিত্সাধীন অবস্থায় আজ ভোররাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে নিহতের ভাই বাদী হয়ে ২২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করে গত বৃহস্পতিবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।