ধুনটে দুই আ.লীগ নেতার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে গতকাল বৃহস্পতিবার বগুড়ার ধুনটে আওয়ামী লীগের স্থানীয় দুই নেতাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।কারাদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন, গোশাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবুল হোসেন ও সাংস্কৃতিক সম্পাদক মইনুল হাসান।পুলিশ জানায়, গোশাইবাড়ী গ্রামের আবদুল খালেকের ছেলে আবুল হোসেন ও মইনুল হাসান দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁরা হোমিও চিকিত্সা ও বই বিক্রির ব্যবসা করেন। এর পাশাপাশি উভয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে থানা-পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গতকাল সন্ধ্যা সাতটার দিকে সেখানে অভিযান চালিয়ে ৫৪ বোতল অ্যালকোহলসহ ওই দুজনকে আটক করে।তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গনি তাত্ক্ষণিকভাবে মাদকদ্রব্য আইনের ১৯৯০-এর ২১ ও ২৬ ধারায় দুজনকেই সাত মাসের বিনা শ্রম কারাদণ্ড প্রদান করেন। গোশাইবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম বলেন, ‘আবুল হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও মইনুল হাসান সংস্কৃতি সম্পাদক। তাঁদের একজন বই ব্যবসায়ী আরেকজন হোমিও চিকিত্সক। এর পাশাপাশি মাদকদ্রব্য ব্যবসা করতেন কি না, তা আমার জানা ছিল না।’ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, তাঁরা দুই ভাই বই বিক্রি ও হোমিও চিকিত্সার পাশাপাশি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত দুজনকেই সাত মাসের কারাদণ্ড দিয়েছেন। আজ সকালে তাঁদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।