ধুনটে পরিবেশবান্ধব আলোক ফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে কৃষক রোপা আমন ধানখেতের পোকা দমন করছেন পরিবেশবান্ধব আলোক ফাঁদ ও ডালপোতা পদ্ধতিতে। এ ধরনের পদ্ধতির কোনো ক্ষতিকর দিক না থাকায় তা কৃষকের মধ্যে জনপ্রিয়ও হয়ে উঠছে।উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে ধুনটে ১৭ হাজার ৬৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এ পর্যন্ত ১৭ হাজর ৮৫০ হেক্টর জমিতে কৃষক ধান চাষ করেছেন। সরেজমিনে দেখা গেছে, এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ধান চাষ করা হচ্ছে। খেতের ফসল রক্ষায় কৃষক ব্যবহার করছেন আলোক ফাঁদ ও ডালপোতা পদ্ধতি। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রহিম জানান, খেতের পোকা দমনে কীটনাশকের ব্যবহারে পরিবেশের ক্ষতি হয়। এ ছাড়া কৃষকের আর্থিক অপচয় বেশি হয়। কিন্তু বর্তমানে যেসব পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, তাতে পরিবেশের কোনো ক্ষতি হয় না। আলোক ফাঁদ ও ডালপোতা পদ্ধতিতে পোকা দমনে কৃষককে সহায়তা করতে কৃষি কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। এলাকায় এ সংক্রান্ত সভা, সেমিনার হচ্ছে, কৃষককে হাতেকলমে এ পদ্ধতি শেখানো হচ্ছে।উপজেলা কৃষি কার্যালয় জানায়, গোধূলিলগ্নই আলোক ফাঁদ পদ্ধতিতে পোকা দমনের সময়। ধানের জমি থেকে প্রায় ৫০ গজ দূরে ফাঁকা মাঠে আধা গামলা পানি, তার ওপর বাঁশের খুটিতে হ্যাজাকের সাহায্যে আলো জ্বালিয়ে আধাঘণ্টা রাখতে হয়। ওই সময়ের মধ্যে আলোকরশ্মিতে ধানখেতের বিভিন্ন জাতের পোকা উড়ে এসে গামলার পানিতে পড়ে মারা যায়। এর মধ্যে বাদামি গাছ ফড়িং, সবুজ পাতা ফড়িং, খাট শুড় গাছ ফড়িং, পাতা মোড়ানো পোকা, নলি মাছি, ড্রাগন ফ্লাই, ড্যামমেল ফ্লাই ও মাজরা পোকা উল্লেখযোগ্য। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, গোধূলিলগ্ন ছাড়া আলোক ফাঁদ পদ্ধতিতে পোকা দমন করা যায় না। তবে ২৪ ঘণ্টা ধরেই ডালপোতা পদ্ধতিতে খেতের পোকা দমন করা যায়। এ ক্ষেত্রে ধানের জমিতে বাঁশের আগাইলা বা অন্য কোনো গাছের ডাল পোতা হয়। ওই ডালের ওপর বিভিন্ন জাতের পাখি আহারের উদ্দেশে বসে পড়ে। ধানগাছে পোকা উড়ে পড়ার সময় পাখি ওই পোকা ধরে খায়। রাতের আঁধারে এ পদ্ধতিতে বেশি পোকা দমন হয়।