ধুনটে ফায়ার সার্ভিস স্টেশন চালু করতে গড়িমসি
বগুড়ার ধুনটে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ভবন নির্মাণকাজ দুই বছর আগে শেষ হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট দুই বিভাগের কর্মকর্তাদের গড়িমসিতে এর কার্যক্রম আজও চালু হচ্ছে না। বগুড়া গণপূর্ত বিভাগ সূত্র জানায়, ধুনট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের জন্য এক বিঘা জমিসহ ৭২ লাখ ৪৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। দরপত্রের মাধ্যমে মেসার্স এমডি আবদুর রাজ্জাক নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। ২০০৭ সালের ৮ নভেম্বরে কাজ শুরু করে ২০০৮ সালের জুলাই মাসে ভবন নির্মাণ শেষ হয়েছে। তারপর দুই বছর ধরে গণপূর্ত বিভাগের কাছে ওই ভবন হস্তান্তরের চেষ্টা করছে। কিন্তু গণপূর্ত বিভাগের কর্মকর্তা ঠিকাদারের কাছ থেকে ভবন নির্মাণকাজ বুঝে নিচ্ছে না। ফলে ঠিকাদারকে এ পর্যন্ত দুই লাখ টাকা লোকসান গুনতে হয়েছে।ঠিকাদার শরীফুর রহমান জানান, ভবন নির্মাণ দুই বছর আগে শেষ করলেও গণপূর্ত বিভাগ কাজ বুঝে নিচ্ছে না। ফলে প্রতি মাসে বিদ্যুৎ বিল, তত্ত্বাবধায়ন ও রক্ষণাবেক্ষণ খরচসহ প্রায় নয় হাজার টাকা লোকসান হচ্ছে। এ ছাড়া দুবার ভবনে রং করতে হয়েছে। ফায়ার সার্ভিসের কার্যক্রম চালু না হওয়ায় উপজেলার সোয়া তিন লাখ মানুষ আগুন নেভানোর কাজে সহযোগিতা পাচ্ছে না। ফলে গত দুই বছরে অগ্নিকাণ্ডে বসতবাড়ির ঘর, আসবাবপত্র, খাদ্যশস্য, গবাদিপশু, ব্যবসাপ্রতিষ্ঠানের পণ্যসামগ্রী ও নগদ অর্থসহ প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে ধুনট সোনালী নিউ মার্কেট, গোসাইবাড়ি ও মথুরাপুর বাজারের ৪২টি ব্যবসাপ্রতিষ্ঠান এবং বেলকুচি, বথুয়াবাড়ি, চান্দিয়াড়, পিরহাটি, সাতবেকি, বৈশাখী, খাটিয়ামারি, হিজুলী, খাদুলী ও কোনাগাঁতি গ্রামের ২০টি বাড়িতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। মথুরাপুর বাজার বণিক সমিতির সভাপতি ইসমাঈল হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডে বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। কিন্তু পার্শ্ববর্তী শেরপুর ও কাজীপুর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছার আগেই ব্যাপক ক্ষতি হয়ে যায়। অথচ দীর্ঘদিন থেকে ধুনটে ফায়ার সার্ভিসের ভবন হয়ে আছে। সেটি চালু হলে আমাদের এত ক্ষতি হতো না।’ বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক ইমরান হোসেন জানান, ধুনটের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের গাড়ি ও সরঞ্জামাদিসহ বিভিন্ন উপকরণ বুঝে পেয়েছি। এ ছাড়া প্রয়োজনীয় জনবলও নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু গণপূর্ত বিভাগ ভবন নির্মাণকাজ বুঝে না দেওয়ায় কার্যক্রম চালু করতে পারছি না।বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জয়নাল আবেদীন জানান, ধুনটের ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণকাজ শেষ হয়েছে। কিন্তু জনবল নিয়োগ ও সরঞ্জামাদির অভাবে ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা কাজ বুঝে নিচ্ছেন না।