ধুনটে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে
বগুড়ার ধুনটে যমুনা নদীর দুটি স্পারসহ সাত কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পড়েছে। পাউবো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও স্পার রক্ষায় কোটি কোটি টাকা ব্যয় করলেও শেষ রক্ষা হচ্ছে না। ফলে ভাঙন-আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন ওই জনপদের তিন লাখ মানুষ।স্থানীয় সূত্র জানায়, উপজেলার ভান্ডারবাড়ি ও গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। উত্তরে আটাচর থেকে দক্ষিণে পুকুরিয়া গ্রাম পর্যন্ত সাত কিলোমিটার দীর্ঘ এ নদী। উপজেলার তিন লাখ মানুষকে বন্যার কবল থেকে বাঁচাতে পাউবো প্রায় ২০ বছর আগে ওই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে। কিন্তু প্রতিবছর দফায় দফায় ভাঙছে নদী। ভাঙন ক্রমেই এগিয়ে আসছে বাঁধের দিকে। বগুড়ার পাউবো সূত্র জানায়, এ অবস্থায় বাঁধের ভাঙন ঠেকাতে ২০০২ সালে সাড়ে ২৬ কোটি টাকা ব্যয়ে ৭০০ মিটার দীর্ঘ শহড়াবাড়ি ১ নম্বর স্পার ও এক হাজার ২০০ মিটার দীর্ঘ ২ নম্বর বানিয়াজান নামে দুটি স্পার নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে প্রতিবছর দফায় দফায় ভাঙনের মুখেও শহড়াবাড়ি ১ নম্বর স্পারের ২৮০ মিটার অংশ টিকেছিল। এক মাস ধরে যমুনা নদীর পানি কমা-বাড়া হচ্ছে। পানির প্রবল স্রোতে ২৯ জুন রাতে ওই স্পারের ৩০ মিটার স্যাংক (মাটির কাজ) যমুনার গর্ভে ধসে যায়। এরপর নদীর পানি কমতে থাকায় গত ৪ জুলাই আবারও স্পারের ৫০ মিটার বেল মাউথ (সামনের অংশ) ধসে যায়। পাউবোর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, শহড়াবাড়ি ১ নম্বর স্পারের ভাঙন ঠেকাতে দুই দফায় ২৫ হাজার সিসি ব্লক ও ৩০ হাজার বালুভর্তি জিও ব্যাগ ফেলাসহ প্রায় ৮০ লাখ টাকা ব্যয় হয়েছে। তাতেও ভাঙন ঠেকানো সম্ভব হয়নি। বানিয়াজান ২ নম্বর স্পারটি গত কয়েক বছর ক্ষতিগ্রস্ত না হলেও এ বছর ২০ মিটার স্পারের স্যাংক ধসে গেছে। পাউবোর কর্মকর্তারা কোনোমতে বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করছে। স্যাংক ধসে যাওয়ায় স্পারের ট্রাকচারটি বর্তমানে ভয়াবহ হুমকির মুখে।এলাকাবাসী জানায়, স্পার দুটির নির্মাণকাজ শেষ না হতেই ভাঙন শুরু হয়। প্রতিবছর দফায় দফায় ভাঙনে স্যাংক ও বেলমাউথের প্রায় সম্পূর্ণ অংশই ধসে গেছে। সেই থেকে ওই স্পার মেরামতের নামে পাউবো কোটি কোটি টাকা অপচয় করেছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এলাকাবাসী আরও জানায়, আটাচর-দড়িপাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় ছয় মাস আগে ৫৪০ মিটার অর্ন্তবর্তীকালীন প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হয়। এতে পাউবোর সাড়ে তিন কোটি টাকা ব্যয় হয়েছে। কিন্তু বাঁধ নির্মাণকাজ শেষ হওয়ার দুই মাস পরই বাঁধে ভাঙন শুরু হয়েছে। গত কয়েক দিনের অব্যাহত ভাঙনে বাঁধের ৩০০ মিটার বিলীন হয়েছে। নদী ভাঙতে ভাঙতে বাঁধের খুব কাছে চলে এসেছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে নদীভাঙনের স্থান কোথাও পাঁচ মিটার আবার কোথাও ৫০ মিটার দূরে রয়েছে। পুরো সাত কিলোমিটার বাঁধ এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছে। যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে উপজেলার তিন লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। ভাঙনের শিকার শতাধিক পরিবার বাঁধে আশ্রয় নিয়েছে। গোসাইবাড়ি কলেজের প্রভাষক আবদুর রাজ্জাক জানান, পাউবোর কর্মকর্তাদের গাফিলতিতে শহড়াবাড়ি স্পার তৃতীয় দফায় ভেঙেছে। পাউবোর কর্মকর্তারা যদি ভাঙনের পর থেকেই মেরামতের কাজ অব্যাহত রাখত তাহলে এ দশা হতো না।আটাচর গ্রামের বাবুল মিয়া বলেন, আগে বাড়ি ছিল যমুনার ওই পারে। আমরা দুই ভাই বাবার কাছ থেকে ১০০ বিঘা জমি ভাগে পাইছিলাম। চার বারের নদীভাঙনে এহন এই বাঁধে আশ্রয় লইছি।’বানিয়াজান বাঁধে আশ্রিত কহিনুর খাতুন বলেন, ‘একসময় আমাগরে বাড়ি ছিল যমুনার পূর্ব পারে, বৈশাখী গ্রামে। বাপের জমিজমা, টিনের ঘর, গরু-বাছুর সবই আছিল। শ্বশুরবাড়িতেও ছিল সব। কত মানষেক আমরাই দানখয়রাত করেছি। কিন্তু এহন আর আমাগরে কিছুই নাই। আমাগরেই মানষের কাছে হাত পাইতা চাইতে হয়। ছেলেপেলেরা মানষের বাড়িতে কাম কইরা খায়। পাঁচবার নদীভাঙনে ঘরবাড়ি হারাইয়া এই বাঁধের ওপর এহন ঘর তুইলা রইছি।’বগুড়া পাউবোর নির্বাহী প্রকৌশলী মমতাজ উদ্দিন জানান, ধুনট উপজেলার যমুনা নদীর সাত কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও স্পার দুটি এখন ঝুঁকিপূর্ণ। ওই এলাকায় নতুন বাঁধ নির্মাণের জন্য বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।