ধুনটে বিএনপির ৫৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রোববার বিএনপির হরতাল চলাকালে বগুড়ার ধুনটে গাড়ি ভাঙচুরের ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৫৩ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মিলন বাদী হয়ে এ মামলা করেন।মামলা সূত্রে জানা গেছে, ২৭ জুন বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে বিএনপির পিকেটাররা ফজলুল হক মিলনের মালিকানাধীন একটি নছিমন ভাঙচুর করে এবং নছিমনের চালক আনু মণ্ডলকে মারধর করে আহত করেছে। এ ঘটনায় নছিমন মালিকের প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আহত চালক আনু মণ্ডল ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।এ ঘটনায় উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মিলন বাদী হয়ে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম তৌহিদুল আলম মামুন ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকতার আলম সেলিম ও উপজেলা ছাত্রদলের সভাপতি মোখফিজুর রহমানসহ ৫৩ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম তৌহিদুল আলম মামুন বলেন,‘দলের সিদ্ধান্ত অনুযায়ী নেতা-কর্মীদের নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে হরতাল পালন করেছি। সেদিন ভাঙচুর বা মারধরের কোনো ঘটনা ঘটেনি। রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে আমিসহ অন্যান্য নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।’ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, হরতালের দিন ভাঙচুর ও মারধরের ঘটনায় নছিমনের মালিক বাদী হয়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।