ধুনটে মত্স্যজীবী সমিতির নিবন্ধনের হিড়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলা সমবায় অফিসে মত্স্যজীবী সমবায় সমিতি নিবন্ধনের হিড়িক পড়েছে। কোনো নিয়মনীতির বালাই নেই। টাকা হলেই মিলছে প্রকৃত মত্স্যজীবী সমবায় সমিতির নিবন্ধন সনদ। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, গত ২৫ জুন সরকারি জলমহাল ব্যবস্থাপনানীতির গেজেট প্রকাশ করা হয়। সরকারি খাস জলাশয়গুলোর প্রকৃত মত্স্যজীবীদের অনুকূলে ইজারা বন্দোবস্ত দেওয়ার নীতিমালা তৈরি করেছে। ওই নীতিমালা অনুযায়ী যিনি প্রাকৃতিক উত্স থেকে মাছ শিকার ও বিক্রি করেই প্রধানত জীবিকা নির্বাহ করেন, তাঁকেই প্রকৃত মত্স্যজীবী বলে গণ্য করা হয়েছে। এ ছাড়া সরকারি জলাশয় প্রকৃত মত্স্যজীবী সমবায় সমিতির নামে ইজারা বন্দোবস্ত দেওয়ার নিয়ম করেছে।এ ছাড়া প্রস্তাবিত সমিতিতে কমপক্ষে ২০ জন সদস্যসহ তিন হাজার টাকা শেয়ার ও তিন হাজার টাকা সঞ্চয় থাকতে হবে। কিন্তু অভিযোগ উঠেছে, উপজেলা মত্স্য কর্মকর্তা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে অমত্স্যজীবী লোকজন প্রকৃত মত্স্যজীবীর প্রত্যয়ন নিচ্ছেন। উপজেলা সমবায় কর্মকর্তা নিয়মনীতি তোয়াক্কা না করে টাকার বিনিময়ে জেলা সমবায় কর্মকর্তার যোগসাজশে নিবন্ধন প্রদান করছেন। একটি করে সমিতির নিবন্ধন করতে ১০-১২ হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন।এ উপজেলায় আগে মাত্র সাতটি মত্স্যজীবী সমবায় সমিতি ছিল। ওই সমিতিগুলোর সব সদস্য মত্স্যজীবী। নতুন নীতিমালা প্রকাশ করার পর গত দুই মাসে ১০টি সমিতির নিবন্ধন দেওয়া হয়েছে। মত্স্যজীবী রণজিত্ কুমার হাওয়ালদার জানান, নতুন নীতিমালা হওয়ায় দুই মাসের মধ্যে জলাশয় ইজারা নেওয়ার জন্য আরও ১০টি সমিতি নিবন্ধিত হয়েছে। নতুন নিবন্ধিত সমিতিগুলোর সদস্যরা মত্স্যজীবী নন।গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, সরকারি নতুন নীতিমালা আমার জানা ছিল না। তাই আমি একাধিক ব্যক্তিকে মত্স্যজীবী হিসেবে সনদপত্র দিয়েছি। উপজেলা মত্স্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা মত্স্যজীবী হিসেবে সনদ দিয়ে থাকেন। আমরা সনদপত্র দেখে সুপারিশ করে থাকি। উপজেলা সমবায় কর্মকর্তা ফজলার রহমান বলেন, ‘আমার কার্যালয় থেকে কোনো সমিতিকে নিবন্ধন দেওয়া হয়নি। জেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধন নিয়েছে। কীভাবে নিবন্ধনগুলো নেওয়া হয়েছে তা আমার জানা নেই।’