ধুনটে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সমস্যার শেষ নেই
বগুড়ার অবহেলিত জনপদ ধুনট উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মানসহ অবকাঠামোগত দশা খুবই নাজুক। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের স্বল্পতা, একাডেমিক ভবন, সীমানাপ্রাচীর, শ্রেণীকক্ষ ও শিক্ষার উপকরণের অভাবসহ অন্তহীন সমস্যা রয়েছে। এ ছাড়া বেশির ভাগ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় শিক্ষাকার্যক্রম মারাত্মক ব্যাহত হচ্ছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ধুনটে মাধ্যমিক পর্যায়ে ২৭টি মাদ্রাসা, ৩৬টি মাধ্যমিক বিদ্যালয় ও সাতটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ হাজার ২৫৫ জন শিক্ষার্থী লেখাপড়া করছে এবং ৮৯৯ জন শিক্ষক-শিক্ষিকা পাঠদান করছেন। বেড়েরবাড়ী, কালেরপাড়া, ছাতিয়ানী, নাটাবাড়ী, গোঁসাইবাড়ী, মাঠপাড়া, জোড়শিমুল ও ধুনট পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন যাবত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে এসব বিদ্যালয়ে কার্যক্রম চলছে। এ ছাড়া কাদাই দাখিল মাদ্রাসায় দুই, জোড়শিমুলে এক, গোপালনগরে এক, ভান্ডারবাড়ীতে দুই, চিকাশীতে এক ও সোনাহাটা উচ্চবিদ্যালয়ে একজন করে সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক জটিলতার কারণেই শিক্ষকের পদগুলো শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় এসব প্রতিষ্ঠানের শিক্ষার কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সাতটি বালিকা বিদ্যালয়ের মধ্যে গোঁসাইবাড়ী উচ্চবালিকা বিদ্যালয় ও ধুনট পাইলট বালিকা বিদ্যালয়েই শুধু সীমানাপ্রাচীর রয়েছে। বাকি পাঁচটিতে তা না থাকায় ছাত্রীদের নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। এ ছাড়া বিশ্বহরিগাছা, এলাঙ্গী, সাগাটিয়া, পিরহাটী, মাঠপাড়া, বিলকাজুলী- পেঁচিবাড়ী, এমপিএসটি, খাটিয়ামারী, সোনাহাটা, গোঁসাইবাড়ী, গোপালনগর ধুনট পাইলট উচ্চবালিকা বিদ্যালয়ে শ্রেণীকক্ষ ও বেঞ্চ-সংকট থাকায় শিক্ষার্থীদের কখনো দাঁড়িয়ে আবার কখনো মাটিতে বসে ক্লাস করতে হচ্ছে।অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞানাগার নেই। আবার বিজ্ঞানাগার থাকলেও প্রয়োজনীয় সরঞ্জামাদি নেই। অনেক স্কুলে আজও কম্পিউটার নেই। কমনরুম ও প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী না থাকায় ছাত্রছাত্রীরা বিনোদনের সুযোগ থেকেও বঞ্চিত। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র আরও জানায়, ধুনট বন্যাকবলিত এলাকা। প্রতিবছর বন্যায় উপজেলার প্রায় ৩০টি সরকারি ও বেসরকারি প্রাথমিক এবং উচ্চবিদ্যালয় নিমজ্জিত হয়। মাসের পর মাস পানিতে ডুবে থাকে প্রতিষ্ঠানগুলো। এতে বিদ্যালয়গুলোর ঘরের বেড়া, খুঁটি, জানালা, দরজা, চেয়ার, বেঞ্চসহ যাবতীয় আসবাব নষ্ট হয়। পানির প্রবল স্রোতে বিদ্যালয়ের মাঠে গভীর গর্তের সৃষ্টি হয়। বন্যাপরর্বতী সময়ে আর ওইসব বিদ্যালয়ের অবকাঠামো ও খেলার মাঠ সংস্কার করা হয় না। ভগ্নদশার মধ্যেই দায়সারাভাবে চলতে থাকে পাঠদান কার্যক্রম।বিশ্বহরিগাছা উচ্চবিদ্যালয়ের শিক্ষক ফজলার হোসেন জানান, প্রাচীর না থাকায় স্থানীয় লোকজন প্রতিদিন বিদ্যালয় প্রাঙ্গণে গরু-ছাগল চড়ায়। ময়লা-আর্বজনা দিয়ে মাঠ সব সময় ভরে থাকে। অনেক সময় ময়লা-আবর্জনা স্তূপ হয়ে দুর্গন্ধ হয়ে যায়। লোকজনকে নিষেধ করেও কোনো কাজ হয় না।সাগাটিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো ফল পাচ্ছি না।এলাঙ্গী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র বাপ্পী বলে, ‘আমাগেরে স্কুলে প্রায় ৪০০ ছাত্রছাত্রী আছে। একটিমাত্র পাকা ঘর আছে। আর সব টিনের ভাঙা ঘর। বেঞ্চগুলোও ভাঙা। বৃষ্টি এলে ঘরের ভেতরে পানি পড়ে বই-খাতা ভিজে যায়।’ তা ছাড়া বেঞ্চ, শ্রেণীকক্ষ-সংকট তো রয়েছেই। প্রাচীর না থাকায় বিদ্যালয়ে যাওয়ার পথে বখাটেরা নানাভাবে উত্যক্ত করে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বিদ্যমান সমস্যাগুলোর কথা স্বীকার করেন। তিনি বলেন, এসব সমস্যার সমাধানে ওপর মহলে লেখালেখি করেছি। এরই মধ্যে কয়েকটি বিদ্যালয়ের উন্নয়নে সরকারি কিছু বরাদ্দ পাওয়া গেছে। বাকিগুলোর জন্যও বরাদ্দ পাওয়া গেলে উন্নয়নকাজ হাতে নেওয়া হবে। শিক্ষক নিয়োগ না দেওয়া প্রসঙ্গে বলেন, এ সমস্যা সমাধান না হওয়ার কারণ আমার চেয়ে আপনারাই ভালো জানেন। আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।