ধুনটে যৌন হয়রানির দায়ে স্কুলছাত্রের ৩ মাস কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় যৌন হয়রানির দায়ে গোসাইবাড়ী কারিগরি স্কুলের দশম শ্রেণীর ছাত্র রিয়াজুল ইসলাম খান রনিকে (২০) তিন মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ হারুন আজ বুধবার এ রায় দেন।ধুনট থানার উপপরিদর্শক (এসআই) শফিউদ্দিন মণ্ডল জানান, গোসাইবাড়ী কেও বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ববি আকতারকে (১৪) রনি এক বছর ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। গতকাল মঙ্গলবার আবারও তাকে প্রস্তাব দেয়। কিন্তু রনির প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে ওই স্কুলছাত্রী। আজ সকালে ববি স্কুল যাওয়ার সময় পথরোধ করে রনি ভয়-ভীতি দেখায়। এ সময় ছাত্রীট দৌড়ে স্কুলে গিয়ে শিক্ষকদের বিষয়টি অবহিত করে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল উদ্দিন বলেন, তাত্ক্ষণিকভাবে শিক্ষকেরা বিদ্যালয় গেট থেকে রনিকে আটক করেন। এরপর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধুনট থানার পুলিশকে অবহিত করা হয়।ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ হারুন জানান, খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে রনিকে গ্রেপ্তার করেন। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় দণ্ডবিধি ৫০৯ ধারা মোতাবেক রনিকে তিন মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়।দণ্ডপ্রাপ্ত রনি উপজেলার চুনিয়াপাড়া গ্রামের জহুরুল ইসলাম খানের ছেলে।