ধুনটে সাড়ে ৬৬ কোটি টাকার পাট উৎপন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে চলতি মৌসুমে পাঁচ হাজার ৬২৪ হেক্টর জমিতে ৬৬ কোটি ৩৩ লাখ ৮০ হাজার টাকার পাট উৎপাদন হয়েছে। ভালো উৎপাদনের পাশাপাশি গ্রহণযোগ্য মূল্য পাওয়ায় ধুনটের কৃষকেরা পাট চাষে আগ্রহী হয়ে উঠছেন।উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলার এক হাজার ৬৭৫ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু অর্জিত হয়েছে পাঁচ হাজার ৬২৪ হেক্টর। এ বছর কৃষক লক্ষ্যমাত্রার চেয়ে চারগুণ বেশি পাট চাষ করেছেন। অনুকূল আবহাওয়ায় এবার পাটের উৎপাদনও আশানুরূপ হয়েছে। এর মধ্যে ২৫০ হেক্টর জমিতে ১১ হাজার ২৫০ মণ দেশি, ২০০ হেক্টর জমিতে ১০ হাজার মণ মেসতা এবং পাঁচ হাজার ১৭৪ হেক্টর জমিতে তিন লাখ ১০ হাজার ৪৪০ মণ তোষা জাতের পাট উৎপাদিত হয়েছে। মৌসুমের শুরু থেকেই বাজারে পাটের দাম ভালো ছিল। ১৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মণ পাট দুই হাজার থেকে দুই হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। সেই হিসাব অনুযায়ী এই উপজেলার কৃষক তাঁদের মোট উৎপাদিত তিন লাখ ৩১ হাজার ৬৯০ মণ পাট বিক্রি করেন ৬৬ কোটি ৩৩ লাখ ৮০ হাজার টাকায়। ফকিরপাড়া গ্রামের কৃষক মোকবুল হোসেন বলেন, ‘কয়েক বছর ধইরা পাটের আবাদ কইরা খুব মাইর খাইছি। এ বছর জমিতে পাটও বেশি হইছে আর দামও বেশি পাইছি।’উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রহিম জানান, চলতি মৌসুমে কৃষক লক্ষ্যমাত্রার চেয়ে চারগুণ বেশি পাট চাষ করেছেন। অনুকূল আবহাওয়ার কারণে পাটের বাম্পার উৎপাদন হয়েছে। কৃষক বাজারে পাটের দামও ভালো পাচ্ছেন। গত বছরের চেয়ে এবার বেশি দাম পেয়ে কৃষকের মুখে হাসি ফুটেছে।