ধুনটে সেতু দেবে দুর্ভোগ
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের মাইলজানি দহের ওপর সেতু দেবে লাখ লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। দুই সপ্তাহ আগে দেবে যাওয়া সেতুটি মেরামত না করায় ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।এলাকাবাসী জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় ২৪ বছর আগে মথুরাপুর-রুদ্রবাড়িয়া রাস্তার মধুপুর-মাইলজানি দহে সেতু নির্মাণ করা হয়। ওই সেতুর ওপর দিয়ে দৈনিক শত শত হালকা যানবাহন চলাচল করত। সেতুর দুই দিকে গোয়ালভাগ, নারায়ণপুর, পিরহাটি, রুদ্রবাড়িয়া, শ্যামগাতি, হিজুলী, যুগিগাতি, নাগেশ্বরগাতি, তেলিগাতি, মধ্যভাগ, মধুপুর, মথুরাপুর, ধেরুয়াহাটি, কাশিয়াহাটা, অলোয়াসহ প্রায় ৫০টি গ্রাম। এসব গ্রামের লাখ লাখ মানুষ এ সেতু দিয়ে যাতায়াত করে। সেতুর পূর্ব পাশে এলাকার প্রসিদ্ধ বাণিজ্যিক স্থান মথুরাপুর বাজার। সপ্তাহে শুক্র ও সোমবার দুদিন পশু কেনা-বেচার হাট বসে সেখানে। ফলে বিভিন্ন এলাকা থেকে পশু ক্রেতা-বিক্রেতারা ভিড় করেন। ওই বাজারের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে শত শত পরিবার। কিন্তু এই বাজারের পশ্চিম এলাকার মানুষের চলাচলের একমাত্র রাস্তার ওই সেতুটি দেবে গিয়ে বিপর্যয় ঘটেছে। ফলে মালামাল পরিবহনে ভীষণ সমস্যা হচ্ছে। এলাকাবাসী জানায়, এলাকার অধিকাংশ পরিবার কৃষিনির্ভর। এ এলাকার শাকসবজি দেশের বিভিন্ন স্থানে যায়। বিভিন্ন এলাকা থেকে শাকসবজি কিনতে পাইকারেরা আসেন এখানে। কিন্তু সেতু দেবে যাওয়ায় এখানকার ব্যবসাবাণিজ্য মার খাচ্ছে। শাকসবজি অন্যত্র বাজারজাত করা সম্ভব হচ্ছে না। তা ছাড়া দেবে যাওয়া সেতুটির দুই পাশে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। শিক্ষার্থীরা ভাঙা সেতুর কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না।ভ্যানচালক হবিবর রহমান বলেন, ‘কয়দিন হয় পুলডা দাইবা গেছে, কেউ এল্লা খোঁজ নেয় না। আমরা ওই সড়ক দিয়া ভ্যান চালাইতে পাই না। মালামাল বইতে পারতিছিনা। আমাইগরে কামাই রোজগার কইমা গেছে।’বাজারের ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, ‘সেতু দেবে যোগাযোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মালামাল পরিবহনে খুবই সমস্যায় পড়েছি। বিকল্প রাস্তায় মালামাল পরিবহন করতে গিয়ে খরচ বেশি হচ্ছে। এতে করে ব্যবসায় মন্দাভাব দেখা দিয়েছে।’স্কুলছাত্র আবু হানিফ বলে, ‘মাইলজানি দহের ওপর সেতু দেবে যাওয়ায় গত কয়দিন ধইরা সেখান দিয়া চলাচল করতে পাইতেছি না। অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে হয়। এতে সময় বেশি লাগে।’মথুরাপুর এমপিএসটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছার আলী জানান, সেতুটি খুবই জনগুরুত্বপূর্ণ। এটি দেবে যাওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াত করতে ভোগান্তির শিকার হচ্ছে। প্রভাষক ফরিদুল ইসলাম জানান, গত কয়েক দিন আগে মাইলজানি দহের সেতুটি দেবে গিয়ে মথুরাপুর ইউনিয়ন পরিষদ ও বাজার এলাকাসংলগ্ন ৫০ গ্রামের লাখ লাখ মানুষ যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। এ ছাড়া ছাত্রছাত্রীদের যাতায়াতেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেতুটি দ্রুত মেরামত বা নতুন করে করার জন্য উপজেলার চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল বারী বলেন, ‘সেতুটি অনেক দিন আগে নির্মাণ করা হয়েছিল। দু্ই সপ্তাহ আগে এর নিচ থেকে মাটি সরে গিয়ে দেবে যায়। আমার পরিষদে অর্থ না থাকায় দ্রুত সেতুটি মেরামত করতে পারিনি। সেতুটি দেবে যাওয়ার ঘটনা ইউএনও ও উপজেলার চেয়ারম্যানকে জানিয়েছি।’উপজেলা প্রকৌশলী আবদুর রশিদ বলেন, ‘পানির প্রবল স্রোতে সেতুর নিচ থেকে মাটি সরে এটি দেবে যায়। কিন্তু সেতুটি মেরামত করা সম্ভব না। এ জন্য নতুন করে সেতু নির্মাণের বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি।’