ধুনটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় আজ সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় লিটন সাহা (২৫) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার সদরপাড়া গ্রামের ধীরেন্দ্র নাথ সাহার ছেলে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ সকাল আটটার দিকে ব্যবসায়িক কাজে ভটভটিতে করে ধুনট বাজার থেকে গোশাইবাড়ী বাজারে যাচ্ছিলেন লিটন। ধুনট-গোশাইবাড়ী সড়কের সরকারপাড়া মোড়ে পৌঁছানোর পর যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ভটভটিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ভটভটি থেকে রাস্তার ওপর পড়ে আহত হন লিটন। স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় ভটভটির চালক শহিদুল ইসলাম (৩০) ও তিথি (১৪) নামের এক স্কুলছাত্রী আহত হন। এর প্রতিবাদে স্থানীয় লোকজন এক ঘণ্টার জন্য সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, লিটনের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।