বগুড়ার ধুনটে প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকিহ্রাস কর্মসূচির আওতায় উপকারভোগীদের দেওয়া ৪৭ লাখ টাকা ঋণ আদায় করা যাচ্ছে না। অধিকাংশ ক্ষেত্রেই অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এই ঋণের টাকা বিতরণ করা হয়েছিল। এখন প্রশাসন কোনোভাবেই তা আদায় করতে পারছে না। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্র জানায়, ২০০৪-০৫ অর্থবছরে সরকার প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকিহ্রাস কর্মসূচির আওতায় ৫০ লাখ টাকা ঋণ বরাদ্দ করেছিল। ওই ঋণ বিতরণের জন্য উপজেলার ৯৩১ জন ক্ষুদ্র ব্যবসায়ীর নাম তালিকাভুক্ত করা হয়। এর মধ্যে গোসাইবাড়ী ইউনিয়নে ৪৩৪ জন ও চিকাশী ইউনিয়নে ৪৯৭ জন। ২৪ এপ্রিল ২০০৫ তারিখে এসব ব্যবসায়ীর মধ্যে ৪৯ লাখ ৭৫ হাজার টাকা ঋণ এবং ২৫ হাজার টাকা প্রকল্পের ব্যবস্থাপনা ও বাস্তবায়নের জন্য ব্যয় করা হয়। নার্সারি, গবাদিপশু পালন, মৎস্য চাষ, কলার বাগান, ইলেকট্রনিক্স দোকান, পোলট্রি ফার্ম, ধান-চাল, মনোহরি, চাতাল, কাঁচামাল, কাঠ ও কাপড় ব্যবসার জন্য প্রত্যেক ক্ষুদ্র ব্যবসায়ীর নামে পাঁচ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়েছিল। ২৪ অক্টোবর ২০০৫ থেকে ঋণগ্রহীতাদের কাছে কিস্তি আদায় শুরু করা হয়। বিনা সুদে ছয় মাসের মধ্যে ওই ঋণের টাকা সহজ কিস্তিতে পরিশোধের কথা ছিল। কিন্তু গত ডিসেম্বর মাস পর্যন্ত মাত্র চার লাখ টাকা ঋণ আদায় করা হয়েছে। অনাদায়ী পড়ে আছে ৪৫ লাখ ৭৫ হাজার টাকা। এখন ঋণগ্রহীতারা কিস্তির টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। ওই ঋণ আদায়ের জন্য উপজেলা প্রশাসন বিভিন্নভাবে চেষ্টা করছে। কিন্তু তেমন কোনো সাড়া মিলছে না। ক্ষুদ্র ব্যবসায়ীরা যেসব ব্যবসার নামে ঋণ নিয়েছিলেন প্রশাসন ওই সব ব্যবসা প্রতিষ্ঠানের অস্তিত্বও খুঁজে পাচ্ছে না।উপজেলার গোসাইবাড়ী ও চিকাশী ইউনিয়নে সরেজমিনে দেখা যায়, ঋণগ্রহীতারা বিএনপি এবং আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালী নেতা-কর্মী ও তাঁদের আত্মীয়স্বজন। তাঁদের নিজস্ব কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই। অন্যের ব্যবসা প্রতিষ্ঠান দেখিয়ে ওই সময় ঋণ নিয়েছিলেন তাঁরা। ঋণগ্রহীতাদের মধ্যে চিকাশী ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক এনামুল হক বাচ্চু, ছাত্রদলের সভাপতি রুবেল সরকার, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামছুল হক, উপজেলা যুবদলের সভাপতি রাশেদুজ্জামান উজ্জ্বল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আলফিজুর রহমান স্বপন, চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল, সদস্য শাহাদৎ হোসেনসহ অনেক নেতা-কর্মী রয়েছেন। এ ছাড়া অধিকাংশ নেতা-কর্মীর আত্মীয়স্বজন ও পরিবারের অন্যান্য সদস্যের নামে ঋণ নেন।ঋণগ্রহীতা চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল জানান, ঋণের টাকা বিতরণের সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছেন। এই দুর্নীতি ঢাকতে আওয়ামী লীগের নেতা-কর্মীর নামেও ঋণ দিয়েছেন তাঁরা। আমার দলের কর্মীরা কিছু ঋণ পরিশোধও করেছেন। কিন্তু বিএনপির নেতা-কর্মীরা কোনো টাকা পরিশোধ করেননি।গোসাইবাড়ী ইউপি চেয়ারম্যান মইনুল হাসান জানান, আমি তাঁদের নামে অনেকবার নোটিশ করেছি। কিন্তু তাঁদের সাড়া পাওয়া যায় না। টাকাগুলো দলীয় নেতা-কর্মীর হাতে পড়ায় আদায় করা সম্ভব হচ্ছে না। চিকাশী ইউপি চেয়ারম্যান শামসুজ্জোহা জানান, আমরা ঋণগ্রহীতাদের অনেকবার মৌখিক ও লিখিতভাবে তাগিদ দিয়েছি। কিন্তু তাঁদের কাছ থেকে ঋণ আদায় করতে পারছি না। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল হক জানান, ঝুঁকিহ্রাস প্রকল্পের ঋণের টাকা প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে বিতরণের কথা ছিল। কিন্তু ওই সময় দলীয় নেতা-কর্মীরা ভুয়া প্রতিষ্ঠানের নামে সে টাকা নিয়েছেন। সংশ্লিষ্ট দুই ইউপি চেয়ারম্যান ও সদস্যদের ঋণ আদায়ের জন্য বলা হচ্ছে। তাঁরাও ঋণের টাকা আদায় করতে পারছেন না। গত পাঁচ বছরে মাত্র চার লাখ টাকা ঋণ আদায় করা সম্ভব হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ হারুন জানান, উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় ঋণের টাকা তুলতে পদক্ষেপ নেওয়া হয়েছে। টাকা পরিশোধ না করলে ঋণগ্রহীতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।