ধুনটের কৈগাতি বাও নদীতে বাঁশের সাঁকো লাখো মানুষের যেন দুর্ভোগ
বগুড়ার ধুনটের চৌকিবাড়ী ইউনিয়নের কৈগাতি গ্রামের বাও নদীর ওপর নড়বড়ে বাঁশের সাঁকোটি যেন অবহেলা আর অনুন্নয়নের সাক্ষী হয়ে আছে। ওই নদীতে সেতু নির্মিত না হওয়ায় যোগাযোগ নিয়ে চরমভাবে ভুগছে লোকজন। সাংসদ হাবিবুর রহমান ও উপজেলা চেয়ারম্যান টি আই এম নুরুন্নবী তারিকের জন্ম এই ইউনিয়নে হলেও কোনো সুনজর পায়নি এলাকাবাসী। যাতায়াত নিয়ে তাদের এই ভোগান্তি চলছে বছরের পর বছর ধরে।উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের রুদ্রবাড়িয়া-কৈগাতি গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে বাও নদী। একসময়ের খরস্রোতা বাও নদী এখন মরা খালে পরিণত হলেও এলাকাবাসীর কাছে আজও এটি বাও নদী নামেই পরিচিত। দীর্ঘদিন ধরে এই নদীতে এলাকাবাসী সেতুর দাবি করে আসছে। কোনো সাড়া না পাওয়ায় স্থানীয় বাসিন্দারা বাঁশের সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছে। প্রতিবছরই নতুন করে বাঁশের সাঁকো তৈরি করতে হয়। এতে লোকজনের প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। কিন্তু বাঁশের সাঁকো তৈরি করতে সরকার কিংবা স্থানীয় প্রতিনিধিরা কোনো সাহায্য-সহযোগিতা করেন না। অথচ নদীর দুই পাশের রুদ্রবাড়িয়া, নাগেশ্বরগাতি, যুগীগাতিসহ ৭০টি গ্রামের প্রায় এক লাখ মানুষ এই সাঁকো দিয়ে যাতায়াত করে। নদীর দক্ষিণ পাশে এলাকার প্রচীনতম বাণিজ্যিক বন্দর চান্দাইকোনা ও মধ্যভাগ। এ ছাড়া উত্তরে পেঁচিবাড়ী বাজার হয়ে ধুনট-শেরপুর শহর। ওই সব বাণিজ্যিক স্থানে মালামাল পরিবহনের একমাত্র রাস্তায় সেতু না থাকায় যোগাযোগের বিপর্যয় ঘটেছে। পরিবহন সমস্যার কারণে ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে। তা ছাড়া খালের দুই পাশে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরও ভোগান্তি পোহাতে হয়। কৈগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী আক্তার নাহার বলে, ‘সারা বচ্ছরই এই নদীত পানি থাকে। আর আমাইগরে এই বাঁশের পুলের উপর দিয়া যাইতে হয়। পুল পার হওনের সময় মনে হয় কখন যানি ভাইঙ্গা যায়।’এলাকার বাসিন্দা উপজেলা যুবলীগের সভাপতি শেখ মতিউর রহমান বলেন, ‘আমার এই ইউনিয়ন থেকে একজন সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান আছেন। তার পরও নদীটির ওপর সেতু নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। এখানে সেতু করা না হলে এলাকার উন্নয়নের কোনো সম্ভাবনা নাই।’ইউপি চেয়ারম্যান নুরুন্নবী তারিক জানান, এ সময় তেমন কোনো বরাদ্দ না থাকায় সেতু করা যাচ্ছে না। আগামী বছরের শুরুতেই সেতুটি নির্মাণের পরিকল্পনা রয়েছে।উপজেলা প্রকৌশলী আবদুর রশিদ জানান, চৌকিবাড়ী ইউনিয়নের কৈগাতি বাও নদীতে সেতু নির্মাণ করা প্রয়োজন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। আগামী অর্থবছরে সেতু নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।