ধুনটের নারীদের হাতে তৈরি হচ্ছে টুপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ের পর থেকে নার্গিসের নিত্যসঙ্গী অভাব। স্বামী রমজান আলীকে দোষ দেবেন তারও উপায় নেই। সচ্ছলভাবে সংসার চালাতে তাঁরও চেষ্টার কমতি নেই। একেক সময় একেক কাজ করে সংসারে আয় বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু বাড়তি কোনো আয়ের পথ না থাকায় রমজান আলীকে একা রোজগারে সংসার চালাতে হিমশিম খেতে হয়। বিয়ের পর থেকে এমনটাই দেখে আসছেন নার্গিস বেগম। এরই মধ্যে এক সন্তানের জন্মও হয়ে যায়। অভাবটা আরও যেন ঘনীভূত হয়। নার্গিসের ভাবনায় আসে নিজেরও কিছু করতে হবে। কিন্তু অতটা শিক্ষার আলো না থাকায় ভাবনার দৌড় খুব বেশি এগোয় না। অবশেষে শৈশবে খেলাচ্ছলে শেখা বিদ্যাকেই কাজে লাগানোর চেষ্টা করেন। ক্রুসকাঁটা আর সুতা দিয়ে তৈরি করতে থাকেন টুপি। সেই টুপি বিক্রি করে বাড়তে থাকেন আয়, যাকে বাড়তি আয় হিসেবে বিবেচনা করা যায় সহজেই। এই গল্পটা কয়েক বছর আগের। এই গল্পটা বগুড়া জেলার ধুনট থানার নয়া উল্লাপাড়া নামের এক অজপাড়াগাঁয়ের।অভাব জয় করা নার্গিস বেগমের চোখে এখন অন্য রকম স্বপ্ন। শুরুর দিকের কথা জানতে চাইলে নার্গিস বেগম বলেন, ‘মাত্র ৫০ টাকা দিয়ে একটি সুতার কোন ও ১৫ টাকা দিয়ে একটি ক্রুসকাঁটা কিনে টুপি বানানো শুরু করি। একটি কোনে ১২টি টুপি বানিয়ে বিক্রি করি ১৮০ টাকায়। আর টুপি বানাতে সময় লাগে তিন দিন। এভাবে প্রায় এক মাস টুপি বানিয়ে এক হাজারের ওপরে লাভ হয়।’নার্গিস বেগম জানান, তারপর স্বামীকে দেন টুপির পাইকারি কারবার করতে। কারণ, নার্গিস বেগমের দেখাদেখি ওই গ্রামেরই প্রায় ২০ জন মহিলা টুপি বানানোর কাজ শুরু করেন। এভাবে সাত-আট বছর আগে থেকে বগুড়ার ধুনটের বিভিন্ন গ্রামের নারীরা জড়িয়ে পড়েছেন টুপি তৈরির কাজে। খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে উপজেলার প্রায় ২১৫টি গ্রামের নারীরা টুপি তৈরি করছেন। আর পাইকারি ব্যবসার সঙ্গে জড়িত আছেন শতাধিক পাইকার। প্রতি সপ্তাহে পাইকাররা বাকিতে সুতার কোন দিয়ে আসেন গ্রামের মহিলাদের। তাঁরা সেই সুতার কোন থেকে টুপি তৈরি করেন। সপ্তাহ শেষে পাইকাররা তৈরি করা টুপি নিয়ে যান। মোট টুপির দাম থেকে কোনের দাম বাদ দিয়ে টাকা পরিশোধ করেন পাইকাররা। অলিখিতভাবে এ নিময় চালু আছে টুপি তৈরির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের। ধরন ও ডিজাইন অনুসারে এসব টুপির আবার বাহারি সব নামও দেওয়া হয়। আর নামভেদে এসব টুপির দামও একেক রকম। যেমন আনারস ৪২ টাকা, গাছফুল ২৫ টাকা, মৌমাছি ২০-২৫ টাকা, মাকড়সা ২২ টাকা, বিস্কুট ১৫-২০ টাকা, পাঁচ পয়সা ও কদমফুল ১৫ টাকা করে। এসব নিত্যনতুন ডিজাইন তৈরি করেন নারীরাই। উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, শিশু-কিশোরী, গৃহবধূ, বৃদ্ধা—সবার হাতেই একটি করে ক্রুসকাঁটা আর সুতার কোন। রান্নাবান্না, খেলাধুলা, পড়ালেখা, টিভি দেখার সময়ও একমনে তারা বুনে চলেছেন টুপি। এমনকি পড়ার ফাঁকে স্কুল-কলেজের মেয়েরাও বাড়তি আয়ের আশায় হাত লাগিয়েছে টুপি তৈরির কাজে। একাডেমিক প্রশিক্ষণের কোনো প্রয়োজন হয় না। অন্য কারও টুপি দেখে সহজেই টুপি তৈরি করা যায়। এমনকি টুপি তৈরির সময় হাতের দিকেও তাকিয়ে থাকতে হয় না। পাইকার রমজান আলী বলেন, ‘বিভিন্ন গ্রামের মেয়েরা টুপি তৈরি করে। আমরা সপ্তাহের একেক দিন একেক গ্রামে যাই। টুপি তুলে এনে বড় পাইকারদের কাছে বিক্রি করি। তাঁরা ঢাকা নিয়ে বিক্রি করে। ঢাকা থেকে এসব টুপি বিদেশেও পাঠানো হয়।’আরেক পাইকার চালাপাড়া গ্রামের বাচ্চু মিয়া জানান, টুপির বড় মৌসুম হলো ঈদের সময়। দেশের বাইরে টুপি রপ্তানি করা হয়। এর মধ্যে রয়েছে ভারত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। তবে তার আগে এই টুপি দিয়ে দেশের চাহিদা মেটানো হয়।