ধুম চলছে বেচাকেনা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ, পূজা, বসন্ত, ভালোবাসা দিবস, একুশে ফেব্রুয়ারি—এমন নানা দিনকে ঘিরেই এখন জমে ওঠে নগরের বিপণিবিতান। হালে আবার যুক্ত হয়েছে বিশ্বকাপের খেলা। গত বছর বিশ্বকাপ ফুটবলের সময় বিভিন্ন দেশের পতাকা কেনাবেচা হয়েছে বেশি। কিন্তু ক্রিকেট বিশ্বকাপে ছাদে পতাকা ওড়ানোর চেয়ে গায়ে জার্সি পরার প্রচলনই বেশি।তাই নগরের ক্রীড়াসামগ্রীর দোকানগুলোয় বিশ্বকাপ ক্রিকেট শুরুর আগের কয়েকটি দিন তো বটেই, এখনো জার্সির বিকিকিনি চলছে।তবে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী হাবিবুর রহমানের মতো যাঁরা অন্য দেশকে সমর্থন করেন, তাঁদের একটু ধৈর্য ধরতে হচ্ছে। কেননা, বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জার্সি কিংবা পতাকা আপাতত কোনো দোকানে পাওয়া যাচ্ছে না। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের এশিয়ান স্পোর্টসের একজন বিক্রয়কর্মী বললেন, ‘বাংলাদেশে বিশ্বকাপ হইতাছে। আর বাংলাদেশও খেলছে। অন্য দেশের জার্সির কি খাওয়া আছে? দু-একজনের জন্য তো আর জার্সি আনলে চলব না। যেইটা চলব, সেইটাই আমাদের আনতে হইব।’গুলিস্তানের ফুটপাতগুলোয় হকারদের পসরা এখন বদল হয়েছে। জার্সি উঠেছে তাঁদের চৌকিতে।তাই দম ফেলার সময় নেই তাঁদের। মুখে একটাই আওয়াজ, ‘খালি দেশ্ শ, খালি দেশ্ শ, ছোড-বড় সব দেশ্ শ’। দেড় শ টাকা দামের টি-শার্টের এসব দোকানে ভিড়ও দেখার মতো। কেউ কেউ বিক্রি করছেন অন্য কিছু। তাঁদের একজন সুজন মিয়া। তাঁর হাতে ছিল স্টেইক। প্লাস্টিকের তৈরি স্টেইকের ভেতরে বাতাস ভরা হয়। তারপর দুই হাতে দুটি নিয়ে একটি দিয়ে আরেকটিতে আঘাত করলে শব্দ হয় ঢোলের মতো। স্টেডিয়ামে যাঁরা যাবেন, তাঁরা এটা নিয়ে গ্যালারি মাতিয়ে রাখতে পারবেন।বাংলাদেশের কেউ কেউ যেমন খোঁজেন অন্য দেশের জার্সি, তেমনি বিদেশি দর্শকদের কেউ কেউ কিনেছেন বাংলাদেশের জার্সি। এমনি দুই ভিনদেশিকে দেখা গেল গুলিস্তানে। তাঁরা দুজনই কিনেছেন বাংলাদেশের জার্সি ও পতাকা। মাঠে বসে এই জার্সি পরেই তাঁরা খেলা দেখবেন।অন্যদিকে আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটের ফ্যাশন হাউসগুলোয় লেগেছে বিশ্বকাপের ছোঁয়া। এখানকার টি-শার্টে উঠে এসেছে বিশ্বকাপ ক্রিকেট। বিশ্বকাপ ক্রিকেটের লোগো এবং বাংলাদেশের জাতীয় পতাকার বিভিন্ন মোটিফ ঠাঁই পেয়েছে এসব টি-শার্টের বুকে। আবার ফতুয়া, কুর্তা আর স্কার্টেও মিলছে বিশ্বকাপের মোটিফ।ভুভুজেলা নিশ্চয়ই এখন আর কারও অপরিচিত নয়। বিশ্বকাপ ফুটবল মাতানো দক্ষিণ আফ্রিকার সেই ভুভুজেলা এখন নগরের হকার থেকে শুরু করে আলিশান স্পোর্টসের দোকানগুলোতেও পাওয়া যাচ্ছে। লম্বা এই বাঁশির পাশাপাশি বিশ্বকাপ ক্রিকেটের জন্য সমর্থকেরা কিনছেন প্রিয় দলের পতাকার টুপি, ব্রেসলেট, স্টিকার, রিস্টব্যান্ড, মগ, চাবির রিং, মুখোশ, মিনি ছাতা, ব্যাজ প্রভৃতি স্যুভেনির। তবে জোকারি আর বাঁদরামির জন্য রয়েছে জোকারি ও মানকি টুপি। লাল-সবুজের এই টুপি পাওয়া যাচ্ছে কলাবাগানের এআরএ সেন্টারের স্পোর্টস ওয়ার্ল্ডে।গুলিস্তানের স্পোর্টস জোনে দেখা গেল বিশ্বকাপের আদলে তৈরি কাপ। এসব কাপের দাম আকারের ওপর নির্ভর করে। তবে অনেক বড় কাপ যদি কেউ চায়, তা বানিয়ে দেওয়া হবে বলে দোকানকর্মীরা জানান।অন্যদিকে নগরের কোনো কোনো ভবনের দেয়ালে কিংবা ছাদে দেওয়া হচ্ছে বাংলাদেশের পতাকা। মোহাম্মদপুরের নূরজাহান রোডের ইউ লাইনে এক বিশাল পতাকা দেখা গেল। নিচতলা থেকে শুরু করে পাঁচতলা বাড়ির ছাদ পর্যন্ত পুরোটাই বাংলাদেশের পতাকার দখলে। ১৫৯ গজ কাপড়ে তৈরি বিরাট এই পতাকা লাগিয়েছেন ক্রিকেটপ্রেমী সোয়েব হোসেন শামীম। অন্যদিকে মাঠে বসে খেলা দেখতে গিয়ে চার-ছক্কা নিয়ে উচ্ছ্বাস প্রকাশে প্ল্যাকার্ড উঁচু করে ধরতে কে না চান। এ ধরনের প্ল্যাকার্ড পাওয়া যাবে স্টেডিয়ামে ঢোকার সময় চোখ দুটো সজাগ রাখলেই।