ঈদের বাজারে এখন ভিড় শুধু বাড়ছেই। খালি হাতে মানুষজন আসছেন আর হাতভর্তি ব্যাগ নিয়ে ফিরছেন। বিশেষ করে নগরের অভিজাত শপিং মলগুলোয় যাঁরা আসছেন, তাঁরা বাজেট নিয়ে ভাবছেন না। শুধু পছন্দ হলেই হলো। দাম নিয়ে কোনো চিন্তা নেই, হোক না তা লাখ টাকা! এ দাম দেখে অবশ্য কারও কারও চোখ ছানাবড়া—যাঁরা এসব শপিং মলে ঢোকার চিন্তাও করেন না। তাঁরা ছুটছেন নগরের মার্কেটগুলোয়। কেননা শুধু সাধ থাকলেই তো আর কাজ হয় না, থাকতে হয় সাধ্য। তাই সাধ্যমতো কেনাকাটা সারতে নিউমার্কেট, গাউছিয়া, মৌচাকে দৌড়াচ্ছেন তাঁরা। আবার যাঁরা হিসাব মেলাতে পারছেন না, তাঁরা ঝুঁকছেন নিউমার্কেট, ফার্মগেট কিংবা বঙ্গবাজারের ফুটপাতে।ঈদ সামনে রেখে আবার অনেক দোকানেই বেড়ে গেছে পণ্যের দাম। দিন কয়েক আগেও পণ্যের দামে এতটা তফাত ছিল না। তাই একেক দোকানে একই পণ্য একেক দামে বিকিকিনি চলছে। গুলশানের পিংক সিটি শপিং কমপ্লেক্সে ঈদের কেনাকাটা করতে এসে এমনটাই অভিযোগ করেন ফেরদৌসী নামের এক ক্রেতা। কিন্তু তিনি এখনো ঠিক করতে পারেননি কী কিনবেন। তিনি বলেন, ‘শাড়িই কিনব। কিন্তু যেটাই পছন্দ, সেটারই অনেক দাম। কিছুদিন আগেও এত দাম ছিল না। দেখি কোনটা কেনা যায়।’ ফেরদৌসীর মতো কেউ কেউ অবশ্য শপিং মলেও এসে ভিরমি খাচ্ছেন দাম দেখে। তবে ক্রেতাদের বেশির ভাগই কিন্তু দুই হাতে ব্যাগভর্তি কাপড় নিয়েই ফিরছেন। এঁদের এত দরদামের ইচ্ছে নেই। পছন্দ হয়েছে, ব্যস। অবশ্য শপিং মলগুলোয় দরদাম করার সুযোগটাও কম। কিন্তু তার পরও অনেক দোকানে ‘একদাম’ থেকে এক-আধটু দামের হেরফের হচ্ছে। গুলশান-২ নম্বরের পিংক সিটি শপিং কমপ্লেক্স ও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের কোনো কোনো দোকানে এমনটাই দেখা গেছে। এদিক থেকে এগিয়ে আছেন মার্কেটের ক্রেতারা। এখানকার দোকানে ইচ্ছেমতো দর-কষাকষির একটা দারুণ সুযোগ তাঁরা পাচ্ছেন। ‘জিনিস কিনব, দামটা নিজের মতো করে দেব। জিনিস পছন্দ হবে আর দাম না করেই চলে আসতে হবে, এটা তো হতে পারে না।’ নিউ সুপার মার্কেটে (দক্ষিণ) পাঞ্জাবি কিনতে এসে বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজন চন্দ্র। নিউমার্কেটের আশপাশের মার্কেটগুলোয় মধ্যবিত্তরা ঢুঁ মারছেন ঈদের কেনাকাটা করতে। এখানে তাঁদের সাধ্যের মধ্যেই মিলছে পণ্য।আবার একটা শাড়ি কিংবা একটা লেহেঙ্গার দামই যদি হয় লাখ টাকা, তবে ক্রেতাদের বাজেট কত হতে পারে! গুলশান-২ নম্বরের শপার্স ওয়ার্ল্ডে কথা হয় শবনম মুশতারীর সঙ্গে। তিনি বলেন, ‘দাম নিয়ে ভাবনা নেই। কেনার জন্য বাজেটের পরিমাণটাও অনেক।’ এখানকার প্রদর্শিত শাড়িগুলোর গায়ের দাম কোনো কোনোটা লাখ টাকার কাছাকাছি। এত টাকা নিয়ে এ দোকান থেকে ও দোকান ঘোরার ঝামেলাও এখন নেই। কারণ, তাঁদের হাতে আছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডের বদৌলতে সহজ হয়ে গেছে অভািজত ক্রেতাদের কেনাকাটা। শপিং মলগুলোয় আবার কেউ কেউ ভিড় করছে ঘুরতে, কিনতে নয়। এতে গরমে শরীরটাকে জুড়িয়ে নেওয়া হয়, আবার মার্কেট সম্পর্কে ধারণাও তৈরি হয়। নিউমার্কেট, চাঁদনী চক বা বড় কোনো শপিং মলই হোক—এখন এসবে ভিড়ের চোটে ঢোকাই দায়।ঈদের এই বাজারের বড় একটা অংশ দখল করে নিয়েছে ভারতীয় কাপড়। আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট আর গুটিকয়েক ফ্যাশন হাউস ছাড়া দেশি কাপড় খুঁজে পাওয়াই ভার। ভারতীয় কাপড়ে নতুন নতুন নকশা পাওয়া যায় আর দামেও কম বলে জানান বলাকা ভবনের ফ্যাশন ওয়ার্ল্ডের বিক্রয়কর্মী উজ্জ্বল ঘোষ। এখানে দেখা গেল, ক্রেতারা ভারতীয় কাপড়ের বড় বড় ক্যাটালগ দেখে পছন্দ করছেন। আবার ভারতীয় এসব কাপড়ের নামও চটকদার। জনপ্রিয় গান আর চরিত্রের নামে এসব কাপড় ভালোই মন কেড়েছে নারীদের। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের শালিমার ৩-এর বিক্রয়কর্মী হাকিম দাবি করেন, ভারতীয় কাপড়ের দামও কম আবার মানও ভালো। তাই এ কাপড় বেশি চলছে। এদিকে বঙ্গবাজার, বায়তুল মোকাররম, গুলিস্তান, ফার্মগেটের ফুটপাতেও বেচাবিক্রি নেহাত কম হচ্ছে না। হকারদের এখন দম ফেলার সময় নেই। তবে শপিং মলের মতো এখানেও একদাম ‘খালি দেড় শ’ কিংবা ‘খালি এক শ’ রেটে কাপড় বিক্রি হচ্ছে। টি-শার্ট, পাঞ্জাবি, শাড়ি, থ্রি-পিস, গজ কাপড়—সবই মিলছে ফুটপাতে। নিম্ন আয়ের মানুষ এখানকার কাপড় কিনে বেশ খুশি মনে ফিরছেন। গুলিস্তানের ফুটপাতে রিকশাচালক জিল্লুর বলেন, ‘ঈদের সময় মাইয়াগো লাইগ্যা দুইটা জামা কিনছি। পোলার জন্য বুট (জুতা) কিনছি। বউয়ের লাগিও কিনুম।’