ধুলা-দুর্ভোগে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক আবারও অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের মিরপুর উপজেলার ছয় মাইল এলাকায় আবারও অবরোধ করেছে স্থানীয় জনগণ। আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে শুরু হয়ে দুপুর ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় সাত কিলোমিটার রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, ছয় মাস ধরে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক বেহাল হয়ে আছে। গত দেড় মাস আগে সড়কের কার্পেটিংয়ের উপরিভাগ তুলে ফেলা হয়। কিন্তু এই অবস্থায়ও এ সড়ক দিয়ে প্রতিদিন উত্তর ও দক্ষিণাঞ্চলের কয়েক হাজার যানবাহন চলাচল করে। সংস্কার না হওয়ায় সড়কে প্রচণ্ড ধুলার সৃষ্টি হচ্ছে। এতে অনেকে শ্বাসকষ্টে ভুগছেন। ধুলার কারণে সারাক্ষণ ঘরের জানালা বন্ধ করে রাখতে হয়। তাই সড়কের কাজ দ্রুত শুরু করা ও প্রতিদিন সড়কে পানি দেওয়ার দাবিতে আজ বাধ্য হয়ে রাস্তায় নেমেছে তারা। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক সংস্কারের দাবিতে গত ছয় মাসে চারবার পরিবহন ধর্মঘট ডাকা হয়। ১৬ নভেম্বর সড়ক সংস্কারের কাজ দেখে ধর্মঘট প্রত্যাহার করা হয়। কিন্তু টাকার অভাবে এক সপ্তাহ পর লোক দেখানো ওই কাজ বন্ধ হয়ে যায়। ৪ ফেব্রুয়ারি ধুলা-দুর্ভোগের প্রতিবাদে মিরপুর উপজেলার মীর আবদুল করিম কলেজের দুই শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসী একত্র হয়ে ওই মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ করে রাখে।গত শনিবার আট মাইলে জনগণ একই দাবিতে সড়ক অবরোধ করে। সেদিন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয় জনগণ। হানিফ ওই দিন কুষ্টিয়ার এক সুধী সমাবেশে বলেছিলেন, ‘এই ফেব্রুয়ারি মাসের মধ্যে সড়কের কাজ শেষ না হলে ঠিকাদার ও সরকারি কর্মকর্তা প্রকৌশলী দুজনই দায়ী থাকবেন। দুজনের বিরুদ্ধেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সে ক্ষেত্রে পরে আমাদের লোক বলে আর খাতির করতে পারব না।’তবে খোঁজ নিয়ে জানা যায়, কাজ শেষ হওয়া তো দূরের কথা, এখনো ওই সড়কের কোনো কাজ শুরু হয়নি।