ধূমপান কমাবে ‘স্পঞ্জ’!
সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে, ধূমপানবিরোধী একটি বিজ্ঞাপন দেখে দেশের ৩৩ শতাংশ ধূমপায়ী এবং ২৭ শতাংশ অপেক্ষাকৃত কম ধূমপায়ী ধূমপান ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন! আজ মঙ্গলবার রাজধানীর ‘যাত্রী’ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল উপস্থাপন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তামাক নিয়ন্ত্রণ সেলের সম্পূরক শক্তি হিসেবে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) গত এক বছর ধরে একটি প্রচারণা চালিয়ে আসছে (স্পঞ্জ ক্যাম্পেইন) আসছে। এর অংশ হিসেবে ওয়ার্ল্ড লাং ফাউন্ডেশনের সহায়তায় টেলিভিশন ও রেডিওতে ধূমপানবিরোধী ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের একটি বিজ্ঞাপন প্রচার করা হয়। ‘স্পঞ্জ’ নামের ওই বিজ্ঞাপনে দেখানো হয়, ধূমপানের ফলে ফুসফুস কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়। এ বিজ্ঞাপন কতটুকু কার্যকর তা দেখতে পরে দেশের বিভিন্ন স্থানে সাত হাজার মানুষের ওপর একটি জরিপ চালানো হয়। আজ ওই জরিপের ফলাফল প্রকাশ করা হয়।এতে দেখা যাচ্ছে, এক-তৃতীয়াংশ ধূমপায়ী বলেছে, তারা আনন্দের সঙ্গে ধূমপান ছেড়ে দেবে। ৬১ শতাংশ উত্তরদাতা বিজ্ঞাপনটির কথা মনে করতে পেরেছে, ৯৬ শতাংশ এটি টেলিভিশনে দেখেছে—যার মধ্যে ৬৯ শতাংশ ধূমপায়ী। ৯৫ শতাংশ বলেছে, এ ক্যাম্পেইনটি বোঝা তাদের জন্য সহজ ছিল। ৮৬ শতাংশ বলেছে, এটি ধূমপান সম্পর্কে তাদের নতুন তথ্য দিয়েছে এবং ৭০ শতাংশ বলেছেন, এই ক্যাম্পেইন ধূমপান সম্পর্কে তাদের নতুন করে ভাবতে শিখিয়েছে।ওয়ার্ল্ড লাং ফাউন্ডেশনের গণমাধ্যম উপদেষ্টা তাহির টার্ক জরিপের ফলাফলটি তুলে ধরেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আমির হোসেন অনুষ্ঠানে বক্তব্য দেন।