ধূমপান ছাড়তে পুলিশকে চড়!
ধূমপান ছাড়বেন তিনি। তাই দুঃসাহসী এক কাজ করে বসলেন। চড় মেরে বসলেন এক পুলিশ কর্মকর্তার গায়ে। এ অপরাধে যথারীতি তাঁর ঠাঁই হলো কারাগারে। একই সঙ্গে পূর্ণ হলো তাঁর আশা। ওই কারাগারে কয়েদিদের ধূমপানের অনুমতি নেই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যাক্রামেন্টো কাউন্টি কারাগারে দণ্ড ভোগকারিণী এটা মায়ে লোপেজ তাঁর অপরাধ সম্পর্কে এমন বক্তব্য দিয়েছেন। ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে জানানো হয়, কাউন্টি পুলিশের শেরিফের ডেপুটি ম্যাট ক্যামপয়ের গালে চড় মারেন তিনি। ম্যাট বলেন, ‘আচমকা তিনি (লোপেজ) ছুটে এসে আমার গালে চড় মারেন।’ লোপেজের বরাত দিয়ে ম্যাট বলেন, লোপেজ ধূমপান ছাড়তে চান। কিন্তু কোনোভাবেই তিনি তা পারছিলেন না। তাই একজন পুলিশ কর্মকর্তাকে আঘাত করার কথা ভাবেন। কারণ, এতে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। আর কারাগারে ধূমপানের সুযোগ না থাকায় তিনি হয়তো এ আসক্তি থেকে মুক্তি পাবেন। কাউন্টির অ্যাটর্নি কার্যালয়ের মুখপাত্র শেলি ওরিও জানান, এ ঘটনার পর লোপেজকে ৬৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।