ধূমপান নিষিদ্ধ করায় শ্বাসকষ্ট কমেছে শিশুদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ হওয়ার পর সেখানকার শিশুরা শ্বাসকষ্টজনিত (অ্যাজমা) রোগ নিয়ে হাসপাতালে কম ভর্তি হচ্ছে। লন্ডনের ইমপেরিয়াল বিশ্ববিদ্যালয়ে গবেষকদের প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিবিসির এক খবরে আজ সোমবার এ তথ্য জানানো হয়।যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ‘পেডিয়াট্রিকস’-এ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করে ২০০৭ সালে আইন পাস হয়। ২০০৭ সালের জুলাইয়ের আগে যুক্তরাজ্যে প্রতিবছর দুই শতাংশের বেশি শিশু অ্যাজমায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতো। ওই আইন কার্যকর হওয়ার পরের ১২ মাসে অ্যাজমায় আক্রান্ত শিশুর সংখ্যা কমেছে ১২ শতাংশ। এর পরের দুই বছর তিন শতাংশ হারে কমেছে। তাদের মতে, তিন বছরে ছয় হাজার ৮০০ শিশু হাসপাতালে ভর্তি হওয়া থেকে রক্ষা পেয়েছে। গবেষকেরা আরও জানান, ধূমপানবিরোধী আইন পাস হওয়ায় যুক্তরাজ্যের শহর ও গ্রামে সব বয়সী ছেলেমেয়ে এর সুফল পেয়েছে। তাঁদের মতে, আইন করার পর অনেক লোকজনই এখন তাদের বাড়িঘর ধূমপানমুক্ত রাখার দিকে ঝুঁকছে। গবেষক দলের প্রধান অধ্যাপক ক্রিস্টোফার মিলেট বলেন, ‘আইনের ফলে মানুষের আচরণে ইতিবাচক পরিবর্তন হয়েছে। রেস্তোরাঁর মতো প্রকাশ্য স্থানগুলোতে ধূমপান নিষিদ্ধ করে আইন পাসের পর মানুষ তাদের ঘর ধূমপানমুক্ত রাখতে আগ্রহী হচ্ছে। ফলে শিশুরাও উপকৃত হচ্ছে। এখন তারা পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে না।’ যুক্তরাজ্যভিত্তিক সংগঠন অ্যাজমা ইউকে জানায়, গবেষণার ফল খুবই উত্সাহব্যঞ্জক। সংগঠনটি একই সঙ্গে শিশু ও তরুণদের ধূমপানমুক্ত রাখতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।