উন্নয়নশীল দেশগুলোতে ধূমপান বাড়ছে। বাংলাদেশে ধূমপান নিয়ন্ত্রণ করতে হলে আরও কঠিন আইন প্রণয়ন ও তা বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তবে বিচ্ছিন্নভাবে ধূমপান নিয়ন্ত্রণ বা তামাক ও তামাকজাত পণ্যের ব্যবহার কমানো সম্ভব নয়। এ ক্ষেত্রে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, আইনজীবী, উন্নয়ন ও গণমাধ্যমকর্মীসহ সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।গতকাল শনিবার প্রথম আলোর কার্যালয়ে ‘তামাকের বিপদ: উত্তরণের পথ কী’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এ কথা বলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল ও বেসরকারি প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) সহযোগিতায় প্রথম আলো এই বৈঠকের আয়োজন করে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসক, আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ধূমপানবিরোধী আন্দোলনকারী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, কারও একার পক্ষে ধূমপানবিরোধী আন্দোলন করে জয়ী হওয়া সম্ভব নয়। তিনি বলেন, ‘যাদের বিরুদ্ধে লড়ছি, তারা কম শক্তিশালী নয়।’ তিনি জানান, ধূমপানবিরোধী আইনের খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয় কিছু পরিবর্তন-পরিমার্জনের পর ফেরত পাঠালে আইনটি সংসদে উত্থাপন করা হবে।মূল বক্তব্য উপস্থাপনের সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার মোস্তফা জামান বলেন, বিশ্বের দুই-তৃতীয়াংশ ধূমপায়ী চীন, ভারত, ইন্দোনেশিয়া, রাশিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, ব্রাজিল, বাংলাদেশ, জার্মানি ও তুরস্ক—এই ১০টি দেশের বাসিন্দা। বাংলাদেশে ১৫ বছরের বেশি বয়সী ৪৩ শতাংশ মানুষ ধূমপান করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০০৪ সালের হিসাব উদ্ধৃত করে তিনি বলেন, ধূমপানের কারণে বাংলাদেশে বছরে ৫৭ হাজার মানুষ মারা যায় এবং তিন লাখ ৮২ হাজার মানুষ প্রতিবন্ধী হয়ে পড়ে। মোস্তফা জামান বলেন, বাংলাদেশে ধোঁয়াযুক্ত তামাক (সিগারেট, বিড়ি ইত্যাদি) সেবনকারীর হার পুরুষের মধ্যে বেশি। তবে ধোঁয়াহীন তামাক (জর্দা, সাদা পাতা ইত্যাদি) সেবনকারীর হার পুরুষ ও নারীর মধ্যে প্রায় সমান। তিনি বলেন, তামাক ও তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যুবসমাজকে উদ্দেশ করে বাজারজাতকরণ কৌশল নির্ধারণ করছে। চাল-ডালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও বিড়ি-সিগারেটের দাম বাড়েনি। অন্যদিকে ধূমপানবিরোধী প্রচার-প্রচারণা অনেকটা দুর্বল। শিক্ষিত ও ধনিক শ্রেণীর মধ্যে ধূমপায়ীর হার বেশি।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় হূদেরাগ ফাউন্ডেশনের মহাসচিব এম এ মালিক বলেন, ধূমপান হূদেরাগের ঝুঁকি বাড়ায়। বিড়ি ও সিগারেটের নিকোটিন ও কার্বন মনোক্সাইড শরীরে চর্বি জমাতে ভূমিকা রাখে। তিনি বলেন, ধূমপান নিয়ন্ত্রণ করা সরকারের একার পক্ষে সম্ভব নয়। কম বয়সী ছেলেমেয়ে ও শিক্ষার্থীদের সচেতন করতে স্কুলের শিক্ষক ও অভিভাবকদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। ধর্মীয় নেতাদেরও এ ক্ষেত্রে ভূমিকা আছে।গবেষণা প্রবন্ধের উদ্ধৃতি দিয়ে বিশিষ্ট চিকিৎসক ও ধূমপানবিরোধী প্রতিষ্ঠান মানস-এর সভাপতি অরূপ রতন চৌধুরী বলেন, পরোক্ষ ধূমপানের কারণে স্তন ক্যানসারে আক্রান্ত নারীর সংখ্যা বাড়ছে। ধূমপান প্রতিরোধ ও তামাক উৎপাদন বন্ধে শক্ত আইন দরকার। বর্তমান আইনে গলদ আছে।গোলটেবিল বৈঠকে একাধিক আইনজীবী অংশ নেন। সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না বলেন, আদালতের রায়ে বিড়ি বা সিগারেটের কারখানায় যাঁরা কাজ করেন তাঁদের বিমা বাধ্যতামূলক করার কথা বলা হলেও তা করা হচ্ছে না। তিনি বলেন, কোম্পানিগুলো তামাক উৎপাদন করতে চাষিকে দাদন দেয়। এই দাদন বেআইনি ঘোষণা করতে হবে। এ ছাড়া বিদেশ থেকে তামাক বা তামাকজাত পণ্য আমদানি নিষিদ্ধ করতে হবে।সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী তানজীব-উল আলম বলেন, ধূমপান কমাতে হলে উৎপাদনের জায়গায় হাত দিতে হবে। খসড়া আইনে তামাক উৎপাদন বন্ধ করার কথা বলা হয়নি, নিরুৎসাহিত করা হয়েছে মাত্র। তিনি বলেন, আইন করে তামাক চাষকে যদি নিয়ন্ত্রণের মধ্যে আনা যায় অথবা কর ধার্য করে তামাক কোম্পানির আর্থিক বোঝা বাড়ানো যায়, তাহলে হয়তো এই ব্যবসায় বর্তমানের মতো আগ্রহ থাকবে না। তিনি বলেন, কর ফাঁকির যতগুলো বড় বড় মামলা আদালতে বিচারাধীন আছে, তার একটি বড় অংশ সিগারেট কোম্পানির বিরুদ্ধে। খসড়া আইনের সীমাবদ্ধতার উল্লেখ করে তানজীব-উল আলম বলেন, আইনে কিছু বিষয় নিষেধ করা হয়েছে। কিন্তু নিষেধ অমান্য করলে কী শাস্তি হবে, তা বলা হয়নি।আইনের ব্যাপারে আইনজীবী সিনথিয়া ফরিদ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে ধূমপান নিয়ন্ত্রণ আইনের যে খসড়া পাঠানো হয়েছে, তাতে সংযোজন করার সুযোগ শেষ হয়ে যায়নি।ভারত, ঘানা, সৌদি আরব, ভিয়েতনাম, পাকিস্তানসহ পৃথিবীর বিভিন্ন দেশ ধূমপান নিয়ন্ত্রণে কার্যকর কী কী পদক্ষেপ নিয়েছে, তার বর্ণনা দিয়ে বান্দরবান জেলা জজকোর্টের সরকারি অভিযোক্তা (পাবলিক প্রসিকিউটর) আইনজীবী মহিউদ্দিন বলেন, অধূমপায়ীদের চাকরির ক্ষেত্রে সুযোগ বাড়াতে হবে। তিনি বলেন, তামাকসংশ্লিষ্ট সব ধরনের কর বাড়াতে হবে।৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস সামনে রেখে এই বৈঠকের আয়োজন করা হয়। শুরুতে গোলটেবিল বৈঠকের সঞ্চালক ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, একটা সময় ‘স্টাইল’ করার জন্য তরুণেরা ধূমপান শুরু করত। ভালো দিক হচ্ছে, অনেক তরুণের কাছে বর্তমানে ধূমপান না করাটাই স্টাইল। বেশ কয়েকজন আলোচক বলেন, তামাক বা তামাকজাত পণ্যে কর বাড়ালে ধূমপান কমে। একাধিক আলোচক বলেন, নিরক্ষর বা স্বল্পশিক্ষিত হওয়ার কারণে সিগারেট বা বিড়ির প্যাকেটে ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ এমন কথা ছাপা থাকলেও অনেকে তা বুঝতে পারেন না। তাঁরা প্যাকেটের গায়ে শারীরিক ক্ষতি চিহ্নিত ছবি ছাপা বাধ্যতামূলক করার পরামর্শ দেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক নিগার নার্গিস ধোঁয়াবিহীন তামাক করের আওতায় আনার সুপারিশ করেন। তিনি বলেন, বিড়ি-সিগারেটের ব্যবহার কমানোর লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুচরা মূল্যের ওপর ৭০ শতাংশ কর ধরতে বলেছে। বাংলাদেশে এটা মানা হয় না।গতকাল ছিল নিরাপদ মাতৃত্ব দিবস। আলোচনায় অংশ নিয়ে উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণার (উবিনীগ) নির্বাহী পরিচালক ফরিদা আক্তার বলেন, ধূমপান নিরাপদ মাতৃত্বের জন্য হুমকি। নিরাপদ মাতৃত্বের জন্য যাঁরা আন্দোলন করেন, তাঁদের তিনি ধূমপানবিরোধী আন্দোলনে শামিল হওয়ারও আহ্বান জানান।বৈঠকে একাধিক আলোচক অভিযোগ করেন, সরকারি ও বিরোধী দলের একাধিক সাংসদ চান না তামাক ও তামাকজাত পণ্যের ওপর সরকার বেশি কর ধার্য করুক। বাজেটের আগে এসব সাংসদ বেশ তৎপর। একাধিক আলোচক প্রকাশ্যে ধূমপানের শাস্তি আরও বেশি করার দাবি জানান।ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম বলেন, দেশে এক লাখ সাড়ে ২২ হাজার একর জমিতে তামাক চাষ হচ্ছে। তামাকের জমিতে বিকল্প ফসলের চাষ বাড়ানোর জন্য ভর্তুকি দেওয়ার সুপারিশ করেন তিনি।ওয়ার্ক ফর বেটার বাংলাদেশের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ বলেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে হলে তামাকের উৎপাদন কমাতে হবে। একই প্রতিষ্ঠানের প্রকল্প সমন্বয়কারী আমিনুল ইসলাম বিশ্বব্যাংকের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেন, কার্যকরভাবে তামাক নিয়ন্ত্রণ করা সম্ভব হলে বাংলাদেশে কর্মসংস্থান বাড়বে।আলোচনায় আরও অংশ নেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী ইকবাল কবীর ও এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।