ধূমপান মানসিক অসুস্থতার লক্ষণ!
ধূমপান মানসিক অসুস্থতার লক্ষণ হতে পারে বলে মত দিয়েছেন ব্রিটিশ বিশেষজ্ঞরা।গতকাল বৃহস্পতিবার ‘দ্য ইনডিপেনডেন্ট’ পত্রিকার খবরে বলা হয়, ব্রিটিশ লাং ফাউন্ডেশনের বিশেষজ্ঞরা এই মত দিয়েছেন। সংস্থাটির বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনে ধূমপায়ীদের মনোচিকিত্সকের কাছে পাঠানোর বিষয়টি চিকিত্সকদের নিয়মিতভাবে বিবেচনা করা উচিত।‘ধূমপান ও মানসিক স্বাস্থ্য’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ লাং ফাউন্ডেশনের বিশেষজ্ঞরা ধূমপান মানসিক অসুস্থতার লক্ষণ হতে পারে বলে মত দিয়েছেন।ওই প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনে প্রতি তিনজন ধূমপায়ীর মধ্যে একজন মানসিক সমস্যাগ্রস্ত। মাদক ও অ্যালকোহল গ্রহণকারীদের মধ্যে এই হার আরও বেশি। ব্রিটেনে এক কোটি ধূমপায়ী আছেন। এঁদের মধ্যে অন্তত ৩০ লাখই মানসিক সমস্যাগ্রস্ত। এঁদের মধ্যে গত বছরে ২০ লাখ ধূমপায়ীকে মানসিক রোগের ওষুধ গ্রহণের পরামর্শ দেওয়া হয়।গত ৫০ বছরে ব্রিটেনে ধূমপায়ীর হার অর্ধেকের বেশি কমে এসেছে। কিন্তু সমাজের সব অংশে সমানভাবে ধূমপান কমেনি; বরং দরিদ্র, বাস্তুহীন, কারাবন্দী ও মানসিক রোগাক্রান্তদের মধ্যে ধূমপানের হার বাড়ছে।ওই গবেষণা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে লাং ফাউন্ডেশনের গবেষকেরা বলছেন, ধূমপান মানসিক অসুস্থতার লক্ষণ হতে পারে।সংস্থাটির উপপ্রধান স্টিফেন স্পাইরো বলেন, মানসিক রোগাক্রান্ত ধূমপায়ীকে ধূমপান থেকে বিরত রাখাটা বড় ধরনের একটি চ্যালেঞ্জ।