ধূমপানে ক্ষতিগ্রস্ত হয় মস্তিষ্ক
ধূমপানের কারণে মস্তিষ্ক ‘পচে’ গিয়ে স্মৃতি, শিখন ও বিচারবুদ্ধি নষ্ট হয়। লন্ডনের কিংস কলেজের গবেষকেরা এ কথা জানিয়েছেন।পঞ্চাশোর্ধ্ব ৮ হাজার ৮০০ ব্যক্তির ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, উচ্চ রক্তচাপ ও মুটিয়ে যাওয়া মস্তিষ্কের ক্ষতি করে, তবে ধূমপানের কুফলের তুলনায় তা অনেক কম। বিবিসি প্রকাশিত খবরে আজ সোমবার বলা হয়, গবেষকেরা আরও বলেছেন, সবার মনে রাখা দরকার যে, জীবনযাপনের পদ্ধতি শরীরের মতো মনেরও ক্ষতি করে।‘এইজ অ্যান্ড এইজিং’ নামের একটি পত্রিকায় প্রকাশিত গবেষণা প্রবন্ধ থেকে জানা যায়, হূদরোগের আক্রমণ ও স্ট্রোকের কারণে মানবমস্তিষ্কে কী ধরনের প্রভাব পড়ে, তা পর্যবেক্ষণ করাই ছিল গবেষকদের লক্ষ্য।গবেষণায় পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদের স্বাস্থ্য ও জীবনযাপনের তথ্য সংগ্রহ করা হয়। অংশগ্রহণকারীরা এক মিনিটের মধ্যে কতগুলো নতুন শব্দ শিখতে পারেন বা প্রাণীর নাম বলতে পারেন, তাও হিসাব করে দেখা হয়।এরপর চার বছর পর প্রথমবার এবং আট বছর পর দ্বিতীয়বার আবার ওই ব্যক্তিদের ওপর পরীক্ষাগুলো চালিয়ে তথ্য সংগ্রহ করা হয়।ফলাফল বলছে, হূদরোগ বা স্ট্রোকের ঝুঁকি ‘বোধশক্তি হ্রাস পাওয়ার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।’ যাদের বোধশক্তি যত দ্রুত হ্রাস পায়, তাদের রোগাক্রান্ত হওয়ার ঝুঁকিও তত বাড়তে থাকে। গবেষণা প্রবন্ধে বলা হয়েছে, ধূমপান ও স্বাস্থ্যহানির মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ প্রমাণিত হয়েছে।অন্যতম গবেষক অ্যালেক্স ড্রেগান বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বোধশক্তি স্বাভাবিকভাবে কমতে থাকে। বোধশক্তি কমিয়ে দেয় এমন অনেকগুলো কারণ চিহ্নিত করা গেছে। তবে এসব কারণ স্থায়ী নয়।অ্যালেক্স আরও বলেন, ‘বোধশক্তি হ্রাসের ঝুঁকি এড়াতে জীবনযাপনে কিছুটা পরিবর্তন আনতে হবে। এ জন্য আমাদের উচিত জনসচেতনতা বাড়ানো।’ যুক্তরাজ্যের আলঝেইমারস রিসার্চের গবেষক সাইমন রিডলে বলেন, এর আগে বিভিন্ন গবেষণায় বারবার দেখা গেছে, বোধশক্তি হ্রাস ও মতিভ্রমের সঙ্গে ধূমপান ও উচ্চ রক্তচাপের সম্পর্ক রয়েছে। নতুন গবেষণার মধ্য দিয়ে পুরোনো সত্য আবার প্রতিষ্ঠিত হলো।