ধূমপানে নারীর স্বাস্থ্যঝুঁকি বেশি
আগে ভাবা হতো ধূমপানের ক্ষতি সবার জন্যই সমান। সেখানে নারী-পুরুষ কোনো ভেদাভেদ নেই। কিন্তু ধূমপান নিয়ে সাম্প্রতিক এক গবেষণার ফলাফলে এ ধারণা চ্যালেঞ্জের মুখে পড়েছে। গবেষকেরা বলছেন, অভ্যস্ত পুরুষ ধূমপায়ীর চেয়ে যেসব নারী সম্প্রতি ধূমপান শুরু করেছেন, তাঁদের হূদরোগের ঝুঁকি বেশি। মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে বলে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে। গবেষকেরা ১৯৬৬ থেকে ২০১০ সাল পর্যন্ত এ সংক্রান্ত গবেষণার ৭৫ ধরনের তথ্য পর্যালোচনা করে এ মন্তব্য করেছেন।৩০ বছরেরও বেশি সময় ধরে ২৪ লাখ মানুষের ওপর পরিচালিত গবেষণার ফলাফল পর্যালোচনা করে গবেষকেরা বলছেন, ধূমপানে অভ্যস্ত পুরুষদের চেয়ে সম্প্রতি ধূমপান শুরু করেছেন এমন নারীর হূদরোগের ঝুঁকি ২৫ শতাংশ বেশি। তবে ধূমপানের ফলে নারী-পুরুষের মধ্যে হূদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকির মাত্রার এই পার্থক্যের সুনির্দিষ্ট কারণ খুঁজে পাননি গবেষকেরা। তাঁরা ধারণা করছেন, নারী-পুরুষের জৈবিক গঠনগত পার্থক্যের কারণে এমনটা হতে পারে।প্রকাশিত এই গবেষণার পরিপ্রেক্ষিতে দ্য ব্রিটিশ হার্ড ফাউন্ডেশন বলেছে, বিশেষ করে যেসব নারী ধূমপানের দিকে ঝুঁকছেন, তাঁদের জন্য এই ফলাফল বিপজ্জনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হূদরোগকে বিশ্বের সবচেয়ে বড় জীবনঘাতী বলে চিহ্নিত করেছে। প্রতি বছর বিশ্বে ৭০ লাখেরও বেশি মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছে।