ধূমপানের অপরাধে তালাক দিতে পারবেন স্ত্রী
সৌদি আরবে যেসব স্বামী ধূমপান করেন তাঁদের তালাক দিতে পারবেন স্ত্রীরা। সৌদি আরবের এক আদালত সে দেশের স্ত্রীদের এই অনুমতি দিয়েছেন। স্বামীর ধূমপানের অভ্যাসের কারণে স্ত্রীর স্বাস্থ্যহানির ঝুঁকি থাকলে স্ত্রী বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করতে পারবেন। কোনো সৌদি নারী বিয়ের পর যদি জানতে পারেন, তাঁর স্বামী ধূমপান করেন এবং এতে করে তাঁর ফুসফুস ও শ্বাসতন্ত্রের সমস্যা বা চর্মরোগ হতে পারে, তাহলে তিনি বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করতে পারবেন। ধূমপানের জন্য দাম্পত্য জীবনে বাধা সৃষ্টি হলেও বিবাহবিচ্ছেদের আবেদন করতে পারবেন স্ত্রীরা। তবে বিয়ের আগে থেকেই যাঁরা জানেন, তাঁদের হবু স্বামী ধূমপায়ী, তাঁরা বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করতে পারবেন না। আর বিবাহবিচ্ছেদের আবেদনের বিষয়টি অনেকটা নির্ভর করবে বিবাহের সময়ের ওপর। সরকারি হিসাবে সৌদি আরবে ধূমপায়ীর সংখ্যা ৬০ লাখ, যাদের মধ্যে ছয় লাখ নারী আর প্রায় সাড়ে সাত লাখ কিশোর-কিশোরী। এসব কিশোর-কিশোরীর অনেকেই উচ্চমাধ্যমিক বা মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী। সৌদি আরব বিশ্বে চতুর্থ সিগারেট আমদানিকারক দেশ।