ধূমপানের ধোঁয়ায় বছরে ছয় লাখ মানুষের প্রাণহানি ঘটে
ধূমপানের পরোক্ষ প্রভাবে প্রতি বছর বিশ্বের প্রায় ছয় লাখ মানুষ অকালে প্রাণ হারায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও)উদ্যোগে প্রথমবারের মতো বিশ্বব্যাপী ধূমপানের পরোক্ষ প্রভাব নিয়ে পরিচালিত এক গবেষণায় এ কথা বলা হয়েছে। ওই গবেষণায় বলা হয়েছে, ধূমপানের পরোক্ষ প্রভাবে প্রতি বছর যে সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে তাদের মধ্যে এক তৃতীয়াংশই শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও)তথ্য অনুযায়ী, পরোক্ষ ধূমপানে বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় এক লাখ ৬৫ হাজার শিশুর প্রাণহানি ঘটে। এই শিশুদের অধিকাংশই দক্ষিণ-পূর্ব এশিয়া ও আফ্রিকা অঞ্চলের। গবেষকেরা বলছেন, এই গোষ্ঠীটি অন্যান্য যেকোনো গোষ্ঠীর চেয়ে পরোক্ষ ধূমপানের মাধ্যমে বেশি ক্ষতিগ্রস্ত হন। বিশেষ করে তাঁরা তাঁদের ঘরেই এর মুখোমুখি হন। পরোক্ষ ধূমপানকে শিশুদের জন্য বেশ বিপজ্জনক বলেও অভিহিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) তাদের গবেষণায় উল্লেখ করেছে, এটা হঠাৎ শিশু মৃত্যু, নিউমোনিয়া ও অ্যাজমার ঝুঁকিকে বাড়িয়ে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের ১৯২টি দেশে এ গবেষণা পরিচালনা করে। ডাব্লিউএইচও তাদের গবেষণা প্রতিবেদনে বলেছে, পরোক্ষ ধূমপান হূদরোগ, ফুসফুস ক্যানসার, শ্বাস-প্রশ্বাসসংক্রান্ত অসুস্থতা ইত্যাদি সৃষ্টি করে। গবেষণায় নেতৃত্বদানকারী বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) তামাকমুক্ত উদ্যোগের গবেষক আরমান্দো পেরুগা বলেছেন, এই পরিসংখ্যান আমাদের তামাকের প্রকৃত ক্ষতির দিকটি অনুধাবন করতে সাহায্য করে।—বিবিসি।