ধূসর পাখি, সবুজ বন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিঝিল থেকে বাস ছাড়ে একটার পর একটা। কাউন্টারে গিয়ে শুধু বললেই হয়, ‘জাহাঙ্গীরনগর যাব’। দেখবেন, আপনাকে টিকিট ধরিয়ে দেবে। তিন-চারটা কোম্পানির বাস আছে এ পথে। ভাড়া ৩৫-৪০ টাকা। মতিঝিল থেকে যদি বাসে ওঠেন, তাহলে বাসটা গুলিস্তান, শাহবাগ, ফার্মগেট, শ্যামলী হয়ে গাবতলী যাবে। ঢাকার ভেতরে ওটাই শেষ স্টপেজ। এরপর শুধুই ঢাকা-আরিচা মহাসড়ক আর তার দুই পাশে গ্রামের দৃশ্য।গাবতলী পেরোতেই একটা বিকট গন্ধ নাকে চেপে বসবে। এটা হলো আমিনবাজারের চামড়ার কারখানার পচা গন্ধ। বেশ কতক্ষণ শুঁকতে হবে ওটা। কিন্তু যেই আমিনবাজার পেরোবেন, তার পর থেকে শুরু হবে মনোরম সব দৃশ্য। রাস্তার ধারে লম্বা করে গাছ লাগানো। দুই পাশে সবুজ ধানখেত। কিছুদূর গেলেই তুরাগ নদ। তারপর মাইলের পর মাইল খোলা প্রান্তর। দেড় ঘণ্টার একটানা যাত্রার পর বাসটা গিয়ে থামবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একেবারে দোরগোড়ায়। গেট পেরিয়ে ভেতরে ঢুকলেই দেখবেন, হাতের বাঁ পাশে বিশাল একটা মাঠ। মাঠভর্তি ঘাস। একটু সকাল সকাল গেলে ঘাসের ডগায় লেগে থাকা শিশিরও মাখতে পারবেন পায়ে। এখানেই পথের ওপর সারি সারি রিকশা দাঁড়িয়ে থাকে। ছাত্রদের মুখে মুখে তাদের নাম হয়ে গেছে ‘খালি মামা’। যেকোনো একটা খালি মামাকে ডেকে উঠে পড়ুন তার রিকশায়। যেখানেই যান সর্বোচ্চ ভাড়া পাঁচ টাকা।রিকশা নিয়ে একটু এগিয়ে গেলেই হাতের বাঁয়ে দেখা যাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শহীদ মিনার। কর্তৃপক্ষ দিন কতক আগে বেশ কতগুলো গাছ কেটে দিয়েছে, সবাই যাতে ওটাকে দেখতে পায় সে জন্য! সেদিক থেকে একটু এগিয়ে ডানে মোড় নিলে সামনে বিশাল রাস্তা। তার দুই পাশে বড় বড় গাছ। দিনমান জায়গাটা ছায়া হয়ে থাকে। বিশাল বিশাল লেক আছে দুটো। শীতকাল এসে গেল, লেকের পানি নেমে গেছে নিচের দিকে। পানির টলটলে ভাবটাও নেই। তার পরও প্রতিবছর এখানে এসে জমায়েত হয় ধূসর রঙের পরিযায়ী পাখির দল। হঠাৎই সব পাখি একসঙ্গে উড়তে শুরু করে ডানা ঝাপটে। কতক্ষণ ঘুরেফিরে আবার নেমে আসে পানিতে।দুপুর হয়ে এলে পেটে যদি খিদের ভাবটা জাগে, চট করে চলে যান বটতলায়। সারি সারি খাবারের দোকান আছে ওখানে। আহামরি কিছু নয়, ভাত, ভর্তা, ভাজি—এসব পাওয়া যায়। ক্ষুধা পেটে কিন্তু এগুলো খেতে দারুণ লাগে। মাছ আর ডালের একটা চচ্চড়ি পাওয়া যায়। এই জিনিস খেলে বহুদিন পর্যন্ত মনে থাকবে। ভরপেট খেয়ে দামটা মেটাতে গিয়ে দেখবেন, ধারণার চেয়ে অনেক কম টাকায়ই হয়ে গেছে খাওয়া।ফেরার পথে বাস পেয়ে যাবেন খুব সহজেই। তবে সিট পাওয়াটা বেশ কঠিন হয়ে যাবে। যদি পান তবে তো ভালো। আর না পেলেও দুঃখ করবেন না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ বন আর ধূসর পাখির স্মৃতিটা সিট না পাওয়ার দুঃখটা ভুলিয়ে দেবে।