ধৃত মার্কিন ড্রোন থেকে তথ্য সংগ্রহ করছে ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান গতকাল মঙ্গলবার যে মার্কিন চালকবিহীন বিমানটি আটক করেছে, সেটি থেকে তথ্য সংগ্রহ করছে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, চালকহীন বিমান বা ড্রোনটি ইরানের সামরিক স্থাপনা ও তেল ভান্ডারগুলোর অবস্থানসহ বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করছিল। ইরানের একটি প্রচারমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ বুধবার একথা জানায়।ইরান গতকাল দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের একটি স্ক্যানইগল ড্রোন আটক করেছে। কিন্তু ওয়াশিংটন বলছে, এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই।এ ঘটনার পর আরব উপসাগর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে পারমাণবিক গবেষণা প্রকল্প অব্যহত রাখা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধে জড়িয়েছে ইরান। যুক্তরাষ্ট্র মনে করে, পারমাণবিক বোমা বানানোর লক্ষ্যে গবেষণা চালাচ্ছে ইরান। যদিও ইরান বরাবরই তা অস্বীকার করে এসেছে। ইরান বলছে, ওষুধ উত্পাদন ও অন্যান্য শান্তিপূর্ণ কাজে ব্যবহূত হবে গবেষণার ফল। ইরানের প্রেস টিভি জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ড্রোনের সব তথ্য আমরা সাফল্যের সঙ্গে সংগ্রহ করতে পেরেছি।’ ওই বিবৃতিতে বলা হয়, ড্রোনটি ইরানের তেল ভান্ডারগুলো থেকে অন্যান্য স্থানে তেল সরবরাহের ব্যবস্থার ওপর নজরদারি করছিল। ইরানকে পারমাণবিক গবেষণা থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র দেশটির তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ওই বিবৃতিতে আরও বলা হয়, কয়েক দিন ধরে স্ক্যানইগল ড্রোনটি ইরানের ওপর নজরদারি করছিল। যখন ড্রোনটি আটক করা হয়, তখন সেটি ইরানের আকাশসীমার ভেতর অবস্থান করছিল।২০০৪ সাল থেকে যুক্তরাষ্ট্র বোয়িং কোম্পানির স্ক্যানইগল নামের গোয়েন্দা বিমানের সাহায্যে বিভিন্ন স্থানে নজরদারি চালিয়ে আসছে। এতে খরচ তুলনামূলকভাবে অনেক কম। নভেম্বর মাসে ইরান আন্তর্জাতিক আকাশসীমায় একটি মার্কিন ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করে যুক্তরাষ্ট্র। এর আগে ২০১১ সালের ডিসেম্বর মাসে একটি ড্রোন আটক করেছিল ইরান।