ধেয়ে আসছে গিরি: উপকূলে জলোচ্ছ্বাসের সতর্ক বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় ‘গিরি’র কারণে কক্সবাজার উপকূলকে ৫ নম্বর বিপদসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। একই সঙ্গে চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৪ নম্বর এবং মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে জলোচ্ছ্বাসের সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় গিরি আরও ঘনীভূত হতে পারে এবং উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ রাতে মিয়ানমারের সিটুইনের পাশ দিয়ে কক্সবাজার-মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে সমুদ্রবন্দরগুলো এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তদসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি বর্তমানে সামান্য উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে সাগর খুবই উত্তাল রয়েছে। এটি আজ শুক্রবার বিকেল পাঁচটায় টেকনাফ থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণে, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় ও পূর্ণিমার প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার এবং তার অদূরবর্তী দ্বীপ ও চরগুলো স্বাভাবিক জোয়ারের চেয়ে ছয় থেকে আট ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এ ছাড়া একই কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী এবং এদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো স্বাভাবিক জোয়ারের চেয়ে তিন থেকে পাঁচ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।