ধেয়ে আসছে ‘মহাসেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মহাসেন’ বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে। কাল বুধবার বিকেলের দিকে এটি কক্সবাজার জেলার কুতুবদিয়া, মহেশখালী, সদর, উখিয়া ও টেকনাফ হয়ে মিয়ানমারে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে থেমে থেমে দমকা হাওয়া বইছে ও বৃষ্টি হচ্ছে। সাগরও প্রচণ্ড উত্তাল রয়েছে। গোটা উপকূলের মানুষের মধ্যেই আতঙ্ক বিরাজ করছে। বাসস জানায়, ঘূর্ণিঝড়টি গতকাল সোমবার দুপুরে কিছুটা উত্তর দিকে অগ্রসর হয়। এটি শক্তিশালী হয়ে আরও উত্তরে অগ্রসর হতে পারে। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলীয় এলাকায় ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টি গতকাল সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম থেকে এক হাজার ২৮৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম, কক্সবাজার থেকে এক হাজার ২১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এবং মংলা থেকে এক হাজার ১৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার এবং সমুদ্রগামী জাহাজগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ না করার জন্য বলা হয়েছে।প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: কক্সবাজার: জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, সিডরের মতো শক্তি নিয়ে ‘মহাসেন’ আগামীকাল বিকেলে কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে বলে তিনি জেনেছেন। ঘূর্ণিঝড় মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সাড়ে ছয় হাজার স্বেচ্ছাসেবক কর্মী ছাড়াও সেনাবাহিনীর সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। লোকজনকে সচেতন করতে প্রচারণা চালানো হচ্ছে। ৫৩৪টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। গতকাল বিকেল পাঁচটার পর থেকে আকাশে কালো মেঘ এবং দমকা হাওয়া বইতে শুরু করেছে। উপকূলের ফদনারডেইল, নাজিরারটেক, কুতুবদিয়াপাড়ায় বাস করছে কমপক্ষে ৭০ হাজার ভাসমান মানুষ। তারা ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে স্বজন ও বসতবাড়ি হারিয়ে বিভিন্ন স্থান থেকে এখানে আশ্রয় নেয়। নতুন করে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে—এমন খবরে সবার মনে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। দুপুরে শহরের বাঁকখালী নদীর ফিশারি ঘাটে গিয়ে দেখা যায়, মাছ ধরার কয়েক হাজার ট্রলার নোঙর করে আছে।সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন বলেন, সাগর প্রচণ্ড উত্তাল হওয়ায় দ্বীপের চারদিক প্লাবিত হচ্ছে। দ্বীপের ছয় হাজার অধিবাসীকে সতর্ক রাখা হয়েছে। বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়। সভায় জানানো হয়, দুর্যোগ মোকাবিলায় ১১৩টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। বরগুনা: জেলায় দুই দিন থেমে থেমে দমকা হাওয়া ও বৃষ্টি হলেও গতকাল সকাল থেকে সবকিছু যেন থমকে রয়েছে। প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মানুষের মধ্যে ঘূর্ণিঝড় মহাসেনের আতঙ্ক বিরাজ করছে। সম্ভাব্য আঘাত মোকাবিলায় গতকাল দুপুরে জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা হয়। সভায় সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সব রকমের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে পাঁচ হাজার ৫৮০ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় প্রস্তুতিকেন্দ্রের (সিপিপি) স্বেচ্ছাসেবকেরা সতর্কতামূলক প্রচারণা চালাচ্ছেন।পটুয়াখালী: দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। খোলা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ন্ত্রণকক্ষ। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা মাইকিং করে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।গতকাল বিকেলে জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুরি সভা করেছে। সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়। জেলায় ৩৬০টি আশ্রয়কেন্দ্র ও ৪৮টি মাটির কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। গঠন করা হয়েছে ১১০টি মেডিকেল টিম। ছুটি বাতিল: পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্ট এলাকার জেলাগুলোতে এর নিয়ন্ত্রণাধীন সব স্তরের কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছে।