প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদ্যুতের অভাবে মানুষ প্রচণ্ড কষ্ট পাচ্ছে। নতুন শিল্পকারখানা গড়ে উঠছে না। এটি এখন জাতির জন্য সবচেয়ে বড় সমস্যা। তিনি জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, ‘জনগণের জন্য আমরা কাজ করছি। তাই জনগণের কাছে আমরা কিছু লুকাতে চাই না।’শেখ হাসিনা বলেন, ২০১৫ সালের মধ্যে দেশে বর্তমান উৎপাদনের দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে নতুন নয় হাজার ২৭৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এর মধ্যে সরকারি পর্যায়ে চার হাজার ৭৫০ এবং বেসরকারি পর্যায়ে চার হাজার ৫২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এ ছাড়া জলবিদ্যুৎ করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। পরমাণু বিদ্যুৎকেন্দ্র করার জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা হয়েছে।প্রধানমন্ত্রী গতকাল সোমবার রাতে নবম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে এসব কথা বলেন। প্রায় পৌনে এক ঘণ্টার বক্তব্যের বেশির ভাগ সময় জুড়েই ছিল বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তাঁর উদ্বেগ এবং সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা। রাত সোয়া আটটায় শুরু হয়ে রাত নয়টায় প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হয়।দেশবাসীর সহায়তা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গত সাত বছরে কোনো বিদ্যুৎ উৎপাদন না করায় এ দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়েছে। এখন সরকার পরিচালনায় এসে আমরা বিপদে পড়ে গেছি। কারণ, আগের সরকারগুলো একটু উৎপাদন করলেও আজ এ অবস্থা হতো না।’ প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুতের সমস্যা সমাধানে এখনো এক থেকে দুই বছর সময় লাগবে। আগামী বছর থেকে বিদ্যুৎ সংকট থেকে উত্তরণ শুরু হবে। গত এক বছরে নতুন বিদ্যুৎ উৎপাদন হলেও চাহিদার তুলনায় তা খুব কম। তিনি বলেন, ‘এখন আমরা কঠিন সময়ের মধ্যে পড়েছি।’ সংসদ নেতা বলেন, গত সাত বছরে বিদ্যুতের সঞ্চালন লাইনও সেভাবে করা হয়নি। ফলে উৎপাদন বাড়ালেও বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব নয়। তিনি বলেন, ‘জনগণ আমাদের অনেক আশা নিয়ে ভোট দিয়েছে। আমরা সেই আশা পূরণের জন্য কাজ করছি। জনগণকে বলব, ধৈর্য ধরতে। আমরা বসে নেই, কাজ করছি।’শেখ হাসিনা বলেন, আগামী বছরের মধ্যে নতুন এক হাজার ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। ২০১২ সালের মধ্যে দুই হাজার ৪১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। তিনি স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিদ্যুৎ উৎপাদনের বিস্তারিত হিসাব সংসদে তুলে ধরেন। তিনি বলেন, ‘ভারত থেকে প্রাথমিকভাবে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে পারব। এ জন্য আগামী জুনেই কাজ শুরু হবে।’ বিরোধীদলীয় নেত্রী সমাপনী বক্তব্য না দেওয়ায় সমালোচনা করে ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ বিরোধী দলের নেতার সমাপনী ভাষণ দেওয়া গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু তিনি আসেননি। গত রোববার অবশ্য মন্ত্রী-সাংসদদের বেতন-ভাতা বাড়ানোর দিন এসে বক্তব্য দিয়েছেন। হয়তো তিনি বেতন-ভাতা বাড়ানোর প্রয়োজনীয়তা মনে করে এসেছিলেন। আজ এলে আরও ভালো হতো।’ তিনি বলেন, এটা বড়ই বেদনার বিষয় যে বিরোধীদলীয় নেত্রী নবম সংসদের এ পর্যন্ত চারটি অধিবেশনে মাত্র পাঁচ দিন এসেছেন।শেখ হাসিনা বলেন, ‘সরকার গঠনের পর জনগণকে দেওয়া ওয়াদা একে একে পূরণ করার চেষ্টা করে যাচ্ছি। প্রথম ওয়াদা ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। তা আমরা সফলভাবে করতে পেরেছি। চাল-তেল নিয়ে ষড়যন্ত্র হলেও তা সরকার দমন করতে সক্ষম হয়েছে।’ তিনি বলেন, জীবনযাত্রার ব্যয় বাড়ায় সবার বেতন-ভাতা বাড়ানো হয়েছে। সর্বশেষ মন্ত্রী-সাংসদদের বেতন-ভাতা বাড়ানো হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ষড়যন্ত্র সত্ত্বেও বিদেশের বাজারে বাংলাদেশি শ্রমিকদের জন্য নতুন নতুন শ্রমবাজার সৃষ্টি করা হচ্ছে। বিরোধীদলীয় নেত্রীর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, যে হারে রেমিট্যান্স বেড়েছে তাতে বিরোধীদলীয় নেত্রীর অভিযোগ সত্য নয়। বিরোধী দল আসলে একটা ষড়যন্ত্রে লিপ্ত। তারা সৌদি আরবসহ বিভিন্ন জায়গায় বাংলাদেশি শ্রমিকদের মধ্যে মিথ্যা রটানোর চেষ্টা করছে। দূতাবাসে হামলার চেষ্টা করা হচ্ছে । বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর বিচারও তারা ষড়যন্ত্র করে বন্ধ করতে পারেনি। সেই রায় কার্যকর হয়েছে। এখন তারা যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এ বিচার নিয়ে তারা অস্থির হয়ে পড়েছে। তাই আবার ষড়যন্ত্র করছে। কারণ, আমাদের হটাতে পারলে তারা হয়তো যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবে।’ এ ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যেকোনো পরিস্থিতি আমরা মোকাবিলা করতে পারব, সে বিশ্বাস আমাদের আছে।’কৃষক এবং কৃষির উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এক কোটি ৮২ লাখ কৃষকের হাতে কৃষি-কার্ড দেওয়া হচ্ছে প্রথমবারের মতো। তাঁরা ১০ টাকায় ব্যাংক হিসাব খুলতে পারছেন, তাঁদের হিসাবে সরকারি ভর্তুকির টাকা দেওয়া হচ্ছে। সারের দাম তিন দফায় কমানো হয়েছে। তিনি হাওর এলাকায় আকস্মিক প্লাবনে ফসলের ব্যাপক ক্ষতির কথা উল্লেখ করে বলেন, এ ব্যাপারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ব্যাপারে মুখ্য সচিবকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।