সুপ্রিম কোর্টে উদ্ভূত সমস্যা সমাধানে দেশের বিশিষ্ট আইনজীবীরা সংশ্লিষ্ট দুই পক্ষকেই ধৈর্য ধরতে বলেছেন। তাঁরা বলেন, এ নিয়ে আলোচনায় বসতে হবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ জন্য কাল রোববার জ্যেষ্ঠ আইনজীবীদের নিয়ে আলোচনায় বসছে।সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘সংবিধানের অভিভাবক সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ এই বিচার বিভাগ রক্ষা করা আজ অপরিহার্য। সংবিধানের অভিভাবক হিসেবে ঘটে যাওয়া ঘটনাকে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখতে হবে। তবে যে ঘটনা ঘটেছে, তা নিন্দনীয়। এটা অস্বাভাবিক ঘটনা।’ কামাল হোসেন মনে করেন, সমস্যা নিরসনের জন্য দায়িত্ব নিতে হবে। এ জন্য আইনজীবীদের, প্রধান বিচারপতির ও বিচারপতিদের বসতে হবে। বিষয়টি হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। আইনজীবীদের গ্রেপ্তার আইনি প্রক্রিয়ার বিষয়। তবে শুধু গ্রেপ্তার করাই সমস্যার সমাধান নয়। রাজনীতি ও প্রশাসনে দলীয়করণ এবং দলীয় বিভাজন দেখা যায়। আইনের সঠিক প্রয়োগের পূর্বশর্ত হচ্ছে নিরপেক্ষতা। এ নিয়ে সমিতির নেতাদের সঙ্গে আলোচনা হচ্ছে বলে জানান তিনি।যোগাযোগ করা হলে প্রবীণ আইনজীবী রফিক-উল হক বলেন, ‘বর্তমান অবস্থায় আমাদের সবারই স্বাভাবিক আচরণ করা উচিত। সরকার ও আমাদের কারোরই অসহিষ্ণু আচরণ করা ঠিক হবে না। ধৈর্য ধরতে হবে। সমস্যা সমাধানে সবাইকে মিলে কাজ করতে হবে।’সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘গত ৩ আগস্ট প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করি। প্রধান বিচারপতি জ্যেষ্ঠ আইনজীবীদের সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধানের পরামর্শ দেন। এ পরামর্শ অনুসারে ইতিমধ্যে জ্যেষ্ঠ আইনজীবীদের বিষয়টি অবহিত করেছি। রোববার বেলা তিনটায় সমিতির সম্মেলন কক্ষে বসে আলোচনার সিদ্ধান্ত রয়েছে। আলোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’প্রসঙ্গত, সংবিধান নিয়ে কটাক্ষপূর্ণ বক্তব্যের অভিযোগে ফজলুল হক আমিনীর বিরুদ্ধে রিট করেছিলেন শাহরিয়ার কবির। ২ আগস্ট এ নিয়ে শুনানির পর আদেশ দিচ্ছিলেন আদালত। এ সময় আদালতের অভিমতে বিরোধীদলীয় নেতার প্রসঙ্গ আসায় সরকারবিরোধী আইনজীবীরা জোরালো আপত্তি জানান। এর একপর্যায়ে বিচারপতিদের উপস্থিতিতেই দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও বিশৃঙ্খল ঘটনা ঘটে। ওই রাতেই ১৪ আইনজীবীসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জনের বিরুদ্ধে মামলা হয়। পরে ৪ আগস্ট এক পুলিশ কর্মকর্তা আইনজীবীদের হাতে লাঞ্ছনার শিকার হন। ওই ঘটনায় ওই রাতে আরেকটি মামলা হয়। একই দিন গ্রেপ্তার হন তিন আইনজীবী। অপর এক আইনজীবী গ্রেপ্তার এড়াতে এখনো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে অবস্থান করছেন।