ধৈর্য বটে বিদ্যার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ তুমুল তারকা খ্যাতি পেলেও বলিউডে যাত্রা শুরুর পথটা মোটেও মসৃণ ছিল না বিদ্যা বালানের জন্য। অনেক কাঠখড় পুড়িয়েই বলিউডে যাত্রা শুরু করতে হয়েছিল তাঁকে। বলিউডে তাঁর অভিনীত প্রথম ছবি ‘পরিণীতা’। ছবিটিতে অভিনয়ের জন্য বিদ্যা বালানকে মোট ৬০ বারেরও বেশি ‘স্ক্রিন টেস্ট’ দিতে হয়েছিল!২০০৫ সালে বিধু বিনোদ চোপড়ার প্রযোজনায় ‘পরিণীতা’ ছবিতে অভিনয় করেন বিদ্যা। বিদ্যার উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, ‘শুরুর দিকে বিজ্ঞাপনচিত্রের কাজের পাশাপাশি কয়েকটি দক্ষিণের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। আমার অভিনীত প্রথম দক্ষিণের ছবির কাজ মাঝপথে থেমে যায়। পরে অন্যান্য ছবি থেকেও আমাকে বাদ দিয়ে দেওয়া হয়। এরপর মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ শুরু করি। এক দিন পরিচালক প্রদীপ সরকার আমাকে নিয়ে কাজ করবেন বলে জানালেন।’বিদ্যা আরও বলেন, ‘প্রদীপ সরকার আমাকে নিয়ে গেলেন বিধু বিনোদ চোপড়ার কাছে। তিনি বড় কোনো তারকা নিয়ে ছবিটি তৈরির কথা জানালেন। তবে এও বললেন, আমি যদি চরিত্রটির জন্য নিজেকে যোগ্য প্রমাণ করতে পারি, তবে আমাকে নেবেন। এরপর অন্তত ৬০ বার স্ক্রিন টেস্ট নেওয়া হলো আমার। যতক্ষণ না পর্যন্ত ছবিটির জন্য আমাকে চূড়ান্ত করা হলো ততক্ষণ পর্যন্ত আমি হাল ছাড়িনি, একের পর এক স্ক্রিন টেস্ট দিয়ে গেছি।’এদিকে বিধু বিনোদ চোপড়া বলেছেন, ‘ললিতা চরিত্রটির জন্য ৬০-৬৫ বার স্ক্রিন টেস্ট দিয়েছিলেন বিদ্যা। ছবিটি করার জন্য তিনি মরিয়া হয়ে উঠেছিলেন। বিনা বাক্যব্যয়ে একের পর এক কঠিন সব পরীক্ষায় মুখোমুখি হয়েছেন। আমার মতে, হাল ছেড়ে না দেওয়ার প্রবৃত্তির কারণেই আজ বিদ্যা আজকের এই অবস্থানে এসেছেন।’