ধোঁকাবাজির একটা সীমা আছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দল বিএনপি বলেছে, ক্ষমতায় গেলে দুইটা পদ্মা সেতু করবে। গত পাঁচ বছরে বিএনপি একটাও সেতু বানাতে পারেনি, দুইটা বানাবে কী করে? ধোঁকাবাজির একটা সীমা আছে।আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কৃষক লীগের কেন্দ্রীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালের মেয়াদে ক্ষমতায় থাকার সময় যা কাজ করেছে, বিএনপি পরবর্তী সময়ে কেবল ফিতা কেটেছে।শেখ হাসিনা বলেন, ‘পদ্মা সেতু অবশ্যই করব।’ পদ্মা সেতু নির্মাণের জন্য দেশের মানুষের কাছে অভূতপূর্ব সাড়া পেয়েছেন বলে জানান তিনি। শুধু পদ্মা সেতু নয়, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।নির্বাচন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, অন্য দেশের মতো বাংলাদেশেও সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থার অধীনেই নির্বাচন হবে। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে পাঁচ হাজারেরও বেশি স্থানীয় নির্বাচন হয়েছে। এসব নির্বাচনে কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটেনি। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করেছে।কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সর্ব ভারতীয় কিষান সভার সাধারণ সম্পাদক অতুল কুমার অঞ্জন প্রমুখ।