ধোনি বলছেন ভারত প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোমাঞ্চের গ্যারান্টি পেয়ে ক্রিকেটপ্রেমীদের শরীরে লেগেছে কাঁপন। কাঁপছেন ভারত-পাকিস্তান দুই দলের ক্রিকেটাররাও। ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তো অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চেই বলে দিলেন, ‘ভারত-পাকিস্তান সেমিফাইনাল...এর চেয়ে ভালো আর হয় না!’কোয়ার্টার ফাইনালে চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে রিকি পন্টিংয়ের অদম্য অস্ট্রেলিয়াকে হারিয়ে হাওয়ায় ভাসছে শত কোটি মানুষের দেশ, ভাসছেন ভারত অধিনায়কও। কিন্তু উচ্ছ্বাসে ভাসতে গিয়েও লাগাম টেনে ধরতে হচ্ছে ধোনিদের। সেমিফাইনালেই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি। উত্তেজনার সমস্ত পারদ যেন যুবরাজ, ধোনিদের গায়ে ঢালছে এই ম্যাচ।ঘরের মাঠে বিশ্বকাপ। তার ওপর লিটল মাস্টার শচীন টেন্ডুলকারকে একটা বিশ্বকাপ উপহার দেওয়ার তাড়না, প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞা পূরণে অস্ট্রেলিয়া-বাধা টপকানো গেলেও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আরেক ‘দৈত্য’ পাকিস্তান। সব মিলিয়ে এই ম্যাচটি যে চরম উত্তেজনাপূর্ণ হবে এবং ভারতই থাকবে চাপে, সেটা মানছেন ভারত অধিনায়ক, ‘ভারতের ওপর অসম্ভব রকমের চাপ থাকবে। সেটা আসবে বাইরে থেকে। মানুষ বলতে থাকবে সেমিফাইনালটা অন্তত জেতো, ফাইনাল নিয়ে আমরা ভাবছি না।’বহু আরাধ্য বিশ্বকাপটা জিততে হলে সমুদ্র পাড়ি দিতে না হলেও একেবারে গা যে ভেজাতেই হবে, সেটা জানেন ধোনি। তাই সেমিফাইনালের মতো মহা গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ নিয়ে ভেবে ভেবে চাপ বাড়াতে রাজি নন ভারত অধিনায়ক। জানালেন, চরম উত্তেজনাপূর্ণ এই ম্যাচটির জন্য তাঁরা প্রস্তুত, ‘অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান, সত্যিটা হলো নিরপেক্ষ দৃষ্টিতে প্রতিটা ম্যাচই আমাদের কাছে সমান। এটা ভারতের খেলার অবিচ্ছেদ্য অংশ। কাজটা কঠিন। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা কাজটা ভালোভাবেই করছে।’বিশ্বকাপে এর আগে দুই দলের চারবারের সাক্ষাতেই জয়ী দলের নাম ভারত। এই চারটি ম্যাচেই খেলেছেন শচীন টেন্ডুলকার, যার দুটিতেই ম্যান অব দ্য ম্যাচ। সেই টেন্ডুলকার এবারও পাদপ্রদীপের আলোয়। পাকিস্তান কি পারবে ভারতের মাটিতে ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন গুঁড়িয়ে আগের সব হারের জ্বালা মেটাতে? নাকি ইতিহাসের ধারাবাহিকতা ধরে রেখে ভারতই স্বপ্নযাত্রায় এগিয়ে যাবে? জবাব পেতে অপেক্ষা করতে হবে ৩০ মার্চ রাত পর্যন্ত। ওয়েবসাইট।