ধোনিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বাজে পারফরম্যান্সের পরও মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে ভারতের জনপ্রিয় দৈনিক হিন্দুস্তান টাইমস আজ শুক্রবার জানিয়েছে, ধোনিকে সরিয়ে দেওয়ার যে খবর বেরিয়েছে, তা সঠিক নয়। আগের মতোই ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে যাবেন ধোনি। ভারতীয় গণমাধ্যমগুলোতে কয়েক দিন ধরেই গুঞ্জন চলছে, ধোনিকে সরিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের দায়িত্ব বীরেন্দ্র শেবাগের কাঁধে দেওয়া হচ্ছে। তবে টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ধোনির হাতেই থাকছে।টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে একেবারে শূন্য হাতে ফিরে আসতে হয়েছে ভারতীয় দলকে। তারাই একমাত্র দল, যারা সুপার এইটের প্রতিটি ম্যাচেই হেরেছে। অথচ অভিষেক টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন তারা। আইপিএলের টি-টোয়েন্টি বিশেষজ্ঞদের নিয়ে গড়া দল হলেও ভরাডুবি হয়েছে ভারতের। এ পরিস্থিতিতে ধোনির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে।ব্যাট হাতে নিজের পারফরম্যান্স বা অধিনায়কত্ব—যে দিক থেকেই দেখা হোক না কেন, ধোনি অনেকটাই সফল। সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লা হালকা বলেই হয়তো অধিনায়কত্ব থেকে ধোনিকে সরিয়ে দিতে চাচ্ছে না ভারতীয় বোর্ড। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পরই মারকুটে ব্যাটসম্যানের খ্যাতি পেয়ে যান ধোনি। তাঁর নেতৃত্বে অভিষেক টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা পেয়েছে ভারত। টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে শীর্ষস্থানটাও এনে দিয়েছেন তিনি। অন্যদিকে এ মুহূর্তে ভারতকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ধোনির বিকল্প কেউ নেই। শেবাগকে ধোনির ভবিষ্যত্ উত্তরসূরি হিসেবে দেখা হলেও অধিনায়ক হিসেবে শেবাগের রেকর্ড মোটেই ভালো নয়। সব মিলিয়ে ভারতীয় দলের নেতৃত্ব ধোনির কাঁধেই থাকছে বলে মনে হচ্ছে।