ধোনির কাছেই হেরেছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহেন্দ্র সিং ধোনির কাছে হারল বাংলাদেশ, নাকি শিশিরের কাছে!স্কোরকার্ড জানাবে, ধোনির কাছে। ভারতীয় অধিনায়কের ১০৭ বলে ১০১ রানের ইনিংসটিই তো ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ স্কোরকেও এমন তুচ্ছ বানিয়ে দিল।স্কোরকার্ড আবেগ-অনুভূতিবিবর্জিত নিছকই কিছু সংখ্যার বিন্যাস। সংখ্যায় প্রতিফলিত নয়, এমন কিছুই তাতে ধরা পড়ে না। আজ থেকে অনেক দিন পর স্কোরকার্ড দেখে যেমন কারও জানার উপায় থাকবে না যে, এই ম্যাচে ধোনির সেঞ্চুরির চেয়েও কত বেশি আলোচিত ছিল টসে জিতে সাকিব আল হাসানের প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত।উইকেট ভেজাটেজা না থাকলে স্বাভাবিক ক্রিকেটীয় যুক্তিবুদ্ধি সব সময়ই টসে জিতে প্রথমে ব্যাটিং করার কথা বলে এসেছে। প্রথমে ব্যাটিং করে ভালো একটা স্কোর গড়ো। পরে ব্যাটিং করা দলের ব্যাটসম্যানদের সামনে প্রতিপক্ষ দাঁড়িয়ে যাবে দুটি—বোলিং এবং আস্কিং রেট!কিন্তু এই আইডিয়া কাপের প্রথম ম্যাচই তো বুঝিয়ে দিয়েছিল, স্বাভাবিক ক্রিকেটীয় যুক্তিবুদ্ধি এখানে অচল। কারণ, এখানে খেলাটা স্বাভাবিক পরিবেশে হচ্ছে না। যে কারণে এতসব তারকা ক্রিকেটারের কেউ নন, এই টুর্নামেন্টে সবচেয়ে আলোচিত নাম—শিশির।পরে বোলিং করলে শিশিরে ভিজে যাওয়া বল গ্রিপ করতে বোলারদের এই শীতের রাতেও গলদঘর্ম হতে হচ্ছে বলে খেলার সময় এগিয়ে আনা নিয়ে এত কথা হলো। পরের চারটি ম্যাচ আধঘণ্টা এগিয়ে আনার সিদ্ধান্তও হয়ে গেল কাল। সেই দিনই কিনা টসে জিতে হাস্যমুখ সাকিবের ফাটানো ওই বোমা—উই উইল ব্যাট ফার্স্ট!অথচ প্রথম আলোতে লেখা কলামে সুনীল গাভাস্কার ঘোষণা করে দিয়েছেন, শিশিরের কারণে এই টুর্নামেন্টে টস জেতা মানে ম্যাচ জেতা। টস জেতার পর সাকিবের মুখে হাসি দেখে রবি শাস্ত্রী সিদ্ধান্তের ব্যাপারে সংশয়াতীত হয়ে বলেছেন, নিশ্চয়ই ফিল্ডিং?ক্রিকেটের অনেক বিশেষত্বের এটাও একটা যে, আর কোনো খেলায় টস এমন আলোচনার বিষয় নয়। বলতে পারবেন, ২০০৮ উইম্বলডনের ওই অবিস্মরণীয় ফাইনালে কে টসে জিতেছিলেন—রজার ফেদেরার, না রাফায়েল নাদাল? ২০০৬ বিশ্বকাপ ফুটবল ফাইনালে ইতালি না ফ্রান্স, কোন দল টসে জিতেছিল!ক্রিকেটে অনেক সময়ই সব ছাপিয়ে বড় হয়ে ওঠে ম্যাচ শুরুর আধঘণ্টা আগের ওই মুদ্রা নিক্ষেপ। এই ম্যাচেও যেমন উঠল। তবে সাকিবের ওই সিদ্ধান্ত নিশ্চয়ই ক্রিকেটীয় চিন্তাভাবনাপ্রসূতই, সবাইকে হতভম্ব করে দিয়ে মজা পাওয়ার উদ্দেশ্যে নয়। তা কী হতে পারে সেই চিন্তাটা?শাস্ত্রীকে সাকিব বললেন, দ্বিতীয় ম্যাচেই তিনি পরিস্থিতির অনেক উন্নতি দেখেছেন। দেখেছেন শিশির পড়তে শুরু করেছে অনেক পরে। যা বলেননি, সেটিও অনুমান করে নিলেন অনেকে। তা হলো, মাশরাফিবিহীন এই বোলিং নিয়ে এই আদর্শ ব্যাটিং উইকেটে ভারতের হাতে ব্যাট তুলে দেওয়া মানে রানের নিচে চাপা পড়া। ভারতীয় ইনিংস শেষেই তখন ম্যাচ শেষ। এর চেয়ে বরং ভালো একটা স্কোর গড়ে শুরুতেই ভারতের দু-তিনটি উইকেট তুলে নিতে পারলে একটা সুযোগ থাকবে।তা ম্যাচটা তো সাকিবের স্বপ্নের পাণ্ডুলিপি অনুসরণ করেই এগোচ্ছিল অনেকটা সময়। দুই শ আশি-টাশি আশা করেছিলেন, বাংলাদেশ করল ২৯৬। শুধু ভারতের বিপক্ষেই বাংলাদেশের সর্বোচ্চ নয়, সর্বোচ্চ যেকোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষেও। যেটির মূলে ৬০ রানের দুটি ইনিংস। প্রথমটি তামিম ইকবালের। পোর্ট অব স্পেনে বিশ্বকাপের ওই ম্যাচের স্মৃতি ফিরিয়ে আনা তামিমের ৪২ বলে ৬০ রানের ইনিংসে একাদশ ওভারেই উদ্বোধনী জুটিতে ৮০। শেষদিকে মাহমুদউল্লাহর ৪৫ বলে অপরাজিত ৬০ শেষ ১০ ওভারে এনে দিল ৮৮ রান।বাংলাদেশের জয়ের ম্যাচে আগে থেকেই কিছু লক্ষণ চোখে ধরা পড়ে। মিড উইকেটে হরভজন সিং যখন ইমরুল কায়েসের লোপ্পা ক্যাচ ফেললেন, তখন মনে হচ্ছিল, আজও বোধ হয় এমন আরেকটি দিন! ইমরুল তখন ৩, আউট হওয়ার আগে যোগ করেছেন আরও ৬৭ রান।ভারতীয় ইনিংসের শুরুতেও তো সেই সুলক্ষণ। ভারতের বিপক্ষে খেলার সময় সব দলেরই প্রার্থনা থাকে একটাই—শুরুতে বীরেন্দর শেবাগের উইকেট। রাজ্জাকের সরাসরি থ্রোতে সেই শেবাগ যখন মাত্র ১৩ রানেই রান আউট, বাংলাদেশ তখন জয় দেখছে। ৫১ রানের মধ্যে গৌতম গম্ভীর ও যুবরাজ সিংয়েরও বিদায় ‘গেল-গেল’ একটা রবই তুলে দিয়েছিল ভারতীয় সাংবাদিক শিবিরে।মহেন্দ্র সিং ধোনি এই সময়টাকেই বেছে নিলেন আবারও নিজেকে চেনাতে। ম্যাচের পরিস্থিতি বা দলের দুরবস্থা কখনোই তাঁর মুখে ছায়া ফেলে না। কালও নিষ্কম্প তিনি বলতে গেলে একাই বের করে নিয়ে গেলেন ম্যাচটা। বিরাট কোহলি ও সুরেশ রায়না ভালোই সংগত করেছেন। তবে ধোনি অমন দাঁড়িয়ে না গেলে ভারত এই ম্যাচ জেতে না।সুযোগ একটা দিয়েছিলেন। ৬১ রানে বোলারকে ফিরতি ক্যাচ দিয়েও বেঁচে গেছেন। বোলারের নাম? সাকিব আল হাসান! ব্যাটিংয়ে প্রথম বল খেলে রান নিতে গিয়েই রান আউট। পরে ওই ক্যাচ ফেলা। এরও আগে টসে জিতে সবাইকে চমকে দেওয়া ওই সিদ্ধান্ত। এই ম্যাচে সবচেয়ে আলোচিত খেলোয়াড়ের পুরস্কার থাকলে সাকিবের কোনো প্রতিদ্বন্দ্বীই থাকত না!চাইলে ম্যাচ শুরু হওয়ার আধঘণ্টা আগের ওই মুহূর্তটাকেই বড় করে তুলতে পারেন। কিন্তু সেটি কি ঠিক হবে? বল মুছতে বাংলাদেশের বোলারদের পকেট থেকে কালও রুমাল বেরিয়েছে। তবে কালকের শিশির এমন কিছু ছিল না যে ক্রিকেটীয় দক্ষতা ছাপিয়ে সেটি বড় হয়ে উঠবে।শিশির নয়, মহেন্দ্র সিং ধোনির কাছেই হেরেছে বাংলাদেশ!