ধোনির স্বস্তি আর আইরিশ স্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের পর কে? আইরিশ রূপকথার পরবর্তী উপজীব্য হবে কোন দল? আয়ারল্যান্ডের পরের ম্যাচটি ছিল ভারতের বিপক্ষে। সব আলোচনার উপসংহারটাও তাই ছিল এ রকম— ভারতকে বড় পরীক্ষাই দিতে হবে।আইরিশরা সত্যিই ভারতের পরীক্ষা নিয়েছে। মাত্র ২০৭ রানের পুঁজি ছিল আয়ারল্যান্ডের। এ নিয়েই ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে তুমুল লড়াই করেছে আইরিশ বোলাররা। জয়ের জন্য ভারতকে খেলতে হয়েছে ৪৬ ওভার পর্যন্ত। আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড এটিকেই দেখছেন বড় করে, ‘আমরা ভালো করেছি। আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। আর গোটা চল্লিশেক রান হলে লড়াইটা জমত।’ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও মানছেন, আয়ারল্যান্ড তাঁদের ভালোই পরীক্ষা নিয়েছে। শিরোপাপ্রত্যাশী ভারতকে আয়ারল্যান্ডের মতো ছোট দলের সঙ্গে কষ্ট করে জিততে হয়েছে বলে অনেকে অনেক কথা বলতে পারেন। ধোনি কিন্তু এর মধ্যে ইতিবাচকতাই খুঁজে পাচ্ছেন, ‘আমার মনে হয়, সবাই যে ব্যাটিং করার সুযোগ পেয়েছে, এটা ভালো ব্যাপার। অনেক চাপের মধ্যে ব্যাটিং করতে হয়েছে আমাদের।’ভারত প্রথম দুটি উইকেট হারায় দ্রুতই। এরপর শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলি পরপর আউট হয়ে গেলে একটু সংকটেই পড়ে যায় ধোনির দল। তবে শেষ পর্যন্ত দলকে দিশা হারাতে দেননি দুই নাবিক যুবরাজ সিং আর ইউসুফ পাঠান। বল হাতে ৫ উইকেট নেওয়ার পর অপরাজিত হাফ সেঞ্চুরি করেছেন যুবরাজ। আর পাঠান খেলেছেন ২৪ বলে অপরাজিত ৩০ রানের একটি ‘ক্যামিও’। দুজন মিলে দলকে নিয়ে নোঙর ফেলেন জয়ের বন্দরে। যুবরাজ আর পাঠানের প্রশংসায় তাই পঞ্চমুখ ধোনি, ‘যুবরাজ আর পাঠান অনেক সময় ধরে ব্যাটিং করেছে, এটা খুবই ভালো ব্যাপার।’ইংল্যান্ডের বিপক্ষে ৩৩৮ রান করেও টাই নিয়ে মাঠ ছাড়ার পর গেল গেল একটা রবই উঠেছিল। ভারত টাই ম্যাচের হতাশা কাটিয়ে উন্নতি করছে, ধোনির সবচেয়ে বড় স্বস্তির জায়গা এটাই, ‘সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে, আমরা উন্নতি করছি। ঠিক সময়ে জ্বলে ওঠাটা গুরুত্বপূর্ণ। একটু ধীরে হলেও বোলিংয়েও আমরা উন্নতি করছি।’ ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ফিল্ডিংয়েরও কমবেশি সমালোচনা হয়েছে। ধোনি এ ক্ষেত্রেও দেখছেন উন্নতির লক্ষণ।সবার শেষে ধোনি প্রশংসা করেছেন আইরিশদের লড়াকু মনোভাবের, ‘আয়ারল্যান্ড খুব ভালো খেলেছে এবং ফিল্ডাররা বোলারদের দিয়েছে দারুণ সমর্থন। ওদের ভালো ফিল্ডিংয়ের কারণে ২০৭ রানকেই মনে হচ্ছিল ২৪০।’ ধোনির প্রশংসা পেয়েছেন, তবে এভাবে লড়াই করে প্রশংসা কুড়ানোর চেয়ে বড় কিছু অর্জনের স্বপ্ন দেখছেন আয়ারল্যান্ড অধিনায়ক। এমনকি শেষ আটে যাওয়ার স্বপ্ন এখনো ছাড়েননি পোর্টারফিল্ড, ‘আমাদের এখনো তিনটি ম্যাচ হাতে আছে। এমন নয় যে এদের কাউকে আমরা হারাতে পারব না।’ এএফপি।