ধ্বংস হয়ে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের তিন শ বছরের ইমামবারা
ঠাকুরগাঁওয়ের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অনেক প্রত্ন নিদর্শন, যা জেলার গৌরবময় ইতিহাসের সাক্ষ্য বহন করছে। জেলা শহরের আনুমানিক ২২ কিলোমিটার পশ্চিমে রায়পুর ইউনিয়নের একটি গ্রাম সিন্দুরনা। এখানে রয়েছে ৩০০ বছরের পুরোনো একটি ছোট মসজিদ। এরই ১০০ মিটার দক্ষিণে খোলা জায়গায় জরাজীর্ণ ভগ্নদশার এক ইমামবারা। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ইমামবারা আনুমানিক ১২১৫ বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয়। দৈর্ঘ্য ১৯ ফুট ছয় ইঞ্চি ও প্রস্থ ১৩ ফুট। ভারতের পাটনা থেকে শেখ চাঁদ নামের এক ইসলাম ধর্মানুরাগী ব্যক্তি ব্যবসার উদ্দেশ্যে এখানে আসেন। তিনিই তৈরি করেছেন এই ইমামবারা। শেখ চাঁদের চার ছেলে শেখদি, খয়েরদি, সমরদি ও মুলুকদি। তাঁরা রানীশংকৈল উপজেলার যদুয়ার ও ফরিঙ্গাদীঘি গ্রামে এবং ঠাকুরগাঁও সদর উপজেলার লধাবাড়ি ও সিন্দুরনা গ্রামে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন।সরেজমিনে দেখা যায়, ইমামবারাটি ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আশঙ্কা দেখা দিয়েছে পুরোটাই ধ্বংস হয়ে মাটিতে মিশে যাওয়ার। ফলে হারিয়ে যেতে বসেছে ৩০০ বছরের পুরোনো ইমামবারা। ইমামবারার উচ্চতা আনুমানিক ২২ ফুট। ইমামবারার দরজার সংখ্যা ছয়টি। মূল দরজার মধ্যে পূর্বদিকে রয়েছে দুটি দরজা, পশ্চিমে দুটি ও উত্তর-দক্ষিণে রয়েছে একটি করে। আয়তাকার ইমামবারার ভেতরের দৈর্ঘ্য ১৯ ফুট, প্রস্থ সাত ফুট। দরজার উচ্চতা ছয় ফুট ছয় ইঞ্চি ও প্রস্থ তিন ফুট। রয়েছে তিন ফুট পুরু ইট-সুরকির দেয়াল। দরজার কিছু ওপর থেকে ছাদ পর্যন্ত গড়া হয়েছে কিছুটা পিরামিডের আঙ্গিকে। গভীরভাবে দেখলে মনে হবে, মহররম উপলক্ষে যে আদলে তাজিয়া বানানো হয়, সিন্দুরনা গ্রামের ইমামবারাটি অনেকটা সেই তাজিয়ার মতো।সিন্দুরনা গ্রামের বাসিন্দা আবদুল হাকিম জানান, মহররম মাসে শিয়া অনুসারীরা ইমামবারার পাশে এখনো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সে সময় আয়োজন করা হয় বিভিন্ন কাওয়ালি ও ধর্মীয় গান। আর তা দেখতে গ্রাম ও আশপাশের অনেকেই ভিড় করেন। ভাউলারহাট বালিকা বিদ্যালয়ের শিক্ষক সাব্বির হোসেন জানান, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম মো. ইউসুফ আলীর ফারসি ভাষায় লেখা দরজার ওপরের মাঝের বড় ফলকটি ঢাকা জাদুঘরে জমা দিয়েছেন। তৃতীয় ফলকটি এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক মনসুর আলমের বাড়িতে সংরক্ষিত আছে। কালো পাথরের ওপর এই ফলকটি বাংলা ভাষায়। চার লাইনের প্রায় দুর্বোধ্য বাংলা লেখা। সেসবের মধ্যে দু-একটা শব্দ ‘মহমমদ’ ‘ইমামবারা’ এবং ‘১২১৫ সাল’ লেখাগুলো পড়া যায়। এই ফলকের দৈর্ঘ্য ১৪ ইঞ্চি ও প্রস্থ সাত ইঞ্চি। ফলকটির বাংলা লেখার প্রকৃত অর্থ বের করতে পারলে হয়তো অন্য কোনো তথ্য বেরিয়ে আসতে পারে। সাব্বির নিজেকে সমরদির বংশধর বলে দাবি করেন ও দাদার কাছ থেকে এসব তথ্য জেনেছেন বলে জানান।রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান নুরল হক জানান, গৌরবময় অনেক প্রত্ন নিদর্শন আজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই ইমামবারা সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি।