ধ্বংসযজ্ঞ চালিয়েছে হেফাজত-জামায়াত-বিএনপি: বনমন্ত্রী
পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, নৈরাজ্য ও ধ্বংসযজ্ঞ চালিয়ে রাজধানীকে বিরানভূমিতে পরিণত করেছেন হেফাজত, জামায়াত আর বিএনপির সহিংস কর্মীরা।আজ সোমবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ কথা বলেন। সাবেক সাংসদ ও আওয়ামী লীগের নেতা আহসান উল্লাহ মাস্টারের নবম শাহাদত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।হাছান মাহমুদ বলেন, ‘যারা ক্ষমতায় থাকতে ধর্মের নামে উন্মাদনা সৃষ্টিকারীদের লালন করে, বাংলা ভাইয়ের সৃষ্টি করে, আহসান উল্লাহ মাস্টার ও এস এম কিবরিয়াসহ আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মীর জীবন কেড়ে নেয়, তারা আজও সেই সন্ত্রাসীদের লালন করছে, মদদ দিচ্ছে। গতকাল রোববার জাতি গভীর উদ্বেগ-উত্কণ্ঠার সঙ্গে লক্ষ করেছে কীভাবে ধর্মের দোহাই দিয়ে পবিত্র কোরআন শরিফে আগুন দেওয়া হয়েছে, জনগণের কোটি কোটি টাকার সম্পদ ধ্বংস করেছে। আজ যারা মতিঝিলে গিয়েছে, তারা বলবে, এটা মতিঝিল না অন্য কোনো জায়গা। রাস্তার শত শত গাছ তারা ভেঙে দিয়েছে, রোড ডিভাইডার ভেঙেছে, ব্যাংকের এটিএম বুথ লুট করেছে, স্বর্ণের দোকান লুট করেছে, ফুটপাতের কয়েক হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে রাস্তার ভিখিরি বানিয়ে দিয়েছে।’ মন্ত্রী বলেন, ‘যাদের হাতে পবিত্র কোরআন শরিফ নিরাপদ নয়, আল্লাহ তাদের ওপর নিজ থেকেই শাস্তির বিধান করবে। একজন মুসলমান হিসেবে আমি এটা বিশ্বাস করি। তবে তারা আইনের হাত থেকেও রেহাই পাবে না, এটা আমি স্পষ্ট করে বলে দিতে চাই।’ এই তাণ্ডবের বিচার করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব বলে তিনি অপরাধীদের স্মরণ করিয়ে দেন।বিরোধী দল এ ঘটনায় পূর্ণ মদদ দিয়েছে উল্লেখ করে এবং বিরোধীদলীয় নেতার প্রতি ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এক নব্য দস্যু ফুলন দেবীর উদ্ভব হয়েছে, যিনি রাষ্ট্রের ভেতরে সন্ত্রাস সৃষ্টি করে ক্ষমতার মসনদে বসতে চান; ক্ষমতায় যাওয়ার জন্য যিনি আরও লাশ চান। নব্য ফুলন দেবীর এই মরণঘাতী খেলা আজ জনগণ বুঝে ফেলেছে।’ বিশেষ অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, গতকাল হেফাজতের আড়ালে জামায়াত-শিবির যা করেছে, তা পরিষ্কারভাবে ফৌজদারি অপরাধ। তাদের বিরুদ্ধে অবশ্যই ফৌজদারি অপরাধে বিদ্যমান আইনে ব্যবস্থা নেওয়া হবে।অভিনেতা এ টি এম শামসুজ্জামান বলেন, বানরের হাতে যেমন কলা দিতে নেই, তেমনি স্বাধীনতাবিরোধীদের হাতেও এ দেশের রক্তে রঞ্জিত জাতীয় পতাকা নিরাপদ নয়।সংগঠনের সভাপতি শেখ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষক লীগের নেতা এম এ করিম, যুবলীগের নেতা মনজুরুল আলম শাহীন, নারীনেত্রী ইয়াদিয়া জামানসহ সংগঠনের নেতারা বক্তৃতা করেন।